জাতীয়

চিরচেনা রূপে ফিরছে ঢাকা, মহাখালী টার্মিনালে ফিরতি যাত্রীদের ভিড়

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে চিরচেনা ব্যস্ততম নগরীতে পরিবার নিয়ে ফেরার তোড়জোড় চলছে। ঈদের ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফেরা মানুষের ঢল নেমেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, সকাল থেকেই বাস টার্মিনালে ঢাকামুখী যাত্রীদের ভিড় রয়েছে। কেউ ফিরছেন পরিবার নিয়ে, কেউবা একা। ফলে সকাল থেকেই মহাখালী এলাকায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সকালে ঢাকার বাইরে যাওয়ার যাত্রী বেশি থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বজনদের সঙ্গে ঈদ করে ফেরা মানুষের সংখ্যাও বাড়তে থাকে।

বাস টার্মিনাল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার ভোর থেকেই বাসে করে ঢাকায় ফিরছেন হাজার হাজার যাত্রী। তবে ঈদের ছুটি শেষেও রাজধানী ছাড়ার চাপ কিছুটা রয়েছে। ঈদের তৃতীয় দিন থেকে ধীরে ধীরে ঢাকামুখী যাত্রীর সংখ্যা বাড়তে শুরু করেছে। ছুটি শেষ হওয়ার আগের দিন ও শেষ দিনে এই চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই মহাখালী বাস টার্মিনালে দূরপাল্লার বাসগুলো একের পর এক ঢাকায় প্রবেশ করছে। বাস থেকে নামছেন ক্লান্ত যাত্রীরা, হাতে ব্যাগ-লাগেজ। কেউ সরাসরি কর্মস্থলের উদ্দেশে যাচ্ছেন, কেউ আবার বাসায় পৌঁছাতে ব্যস্ত হয়ে পড়ছেন। ঈদের আগে যেমন রাজধানী ছাড়ার চাপ ছিল, এখন ঠিক উল্টো চিত্র। কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় তুলনামূলক কম হলেও বাস থেকে নামা যাত্রীদের উপস্থিতিতে পুরো টার্মিনাল এলাকা সরগরম হয়ে উঠেছে।

মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে সকালে ঢাকা থেকে ময়মনসিংহগামী ইউনাইটেড ট্রান্সপোর্টের একজন চালক বলেন, “এখন ঢাকায় ফেরার চাপ অনেক বেশি। আরো তিন চারদিন এ চাপ থাকতে পারে।”

টাঙ্গাইলের ধনবাড়ী থেকে বিনিময় পরিবহনে ঢাকায় ফেরা এক যাত্রী বলেন, “ঈদে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এখন কাজে যোগ দিতে ফিরছি। বাসে ভিড় ছিল, তবে যাত্রা মোটামুটি ভালোই হয়েছে।”

ময়মনসিংহ থেকে ইউনাইটেড ট্রান্সপোর্টের ঢাকায় ফেরা আরেক যাত্রী বলেন, “শেষ মুহূর্তে টিকিট পাওয়া কিছুটা কঠিন ছিল। তবুও কাজের জন্য ফিরতেই হয়েছে।”

এদিকে, যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে টার্মিনাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। সব মিলিয়ে, ঈদের আনন্দ শেষে আবারও ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করেছেন মানুষ।