রাজধানীর দারুস সালাম রোডে রাস্তা পারাপারের সময় মোটরবাইকের ধাক্কায় মোহাম্মদ জীবন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ মার্চ) গভীর রাতে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জীবনের প্রতিবেশী মোহাম্মদ সাজুমিয়া জানান, জীবন যাত্রীবাহী বাসের চালক ছিলেন। তার বাবার নাম আব্দুল গফুর। তাদের বাড়ি নীলফামারী জেলা সদরের টুপামারা গ্রামে। বর্তমানে তিনি গাবতলী এলাকায় বসবাস করতেন। রাতে গাবতলী বাসস্ট্যান্ড থেকে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”