মানিকগঞ্জে রপ্তানিমুখী একটি পোশাক কারখানায় ডাকাতির অভিযোগ উঠেছে। রবিবার (২২ মার্চ) মধ্যরাতে ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় ঘটনাটি ঘটে। কারখানা কর্তৃপক্ষের দাবি, কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত চক্র।
পুলিশ, কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘিওরের পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড নামের একটি কারখানায় উৎপাদিত পোশাক শতভাগ বিদেশে রপ্তানি করা হয়। রবিবার রাত দেড়টার দিকে ২০ থেকে ২২ জন ব্যক্তি মুখোশ পরে কারখানার ভেতরে ঢোকে। তারা কারখানার নিরাপত্তাকর্মীদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এরপর সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে কারখানার বৈদ্যুতিক সাব–স্টেশনের মূল্যবান জিনিসপত্র ও কম্পিউটার লুট করে নিয়ে যায়। সোমবার (২৩ মার্চ) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলীসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সুমন হোসেন নামের কারখানার এক কর্মীসহ দুজন জানান, ডাকাতরা কারখানায় ঢুকে নিরাপত্তাকর্মীদের রামদা ও চাপাতি দেখিয়ে জিম্মি করে ফেলে। তারা সবাই মুখোশ পরে ছিল। পরে তারা কারখানার মালামাল লুট করে নিয়ে যায়।
কারখানার ব্যবস্থাপক মশিউর রহমান বলেন, কারখানাটির সাব-স্টেশনে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সাব-স্টেশনের তামার তারসহ মূল্যবান বিভিন্ন মালামাল ও কম্পিউটার লুট করে নিয়ে গেছে ডাকাতরা। লুট হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য এক কোটি টাকা।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, তিনি কারখানাটি পরিদর্শন করেছেন। ডাকাতির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।