বিয়ে করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ‘জওয়ান’খ্যাত বলিউড অভিনেত্রী সঞ্জীতা ভট্টাচার্য। আমেদাবাদের সংগীত পরিচালক রাগ শেঠির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন এই গায়িকা। ভারতের উদয়পুরের রাজপ্রাসাদে বসেছিল বিবাহ-বাসর।
সঞ্জীতা শুধু অভিনেত্রী নন, একজন গীতিকার ও গায়িকা। বিয়ের জন্য তিনি বেছে নিয়েছিলেন সাবেকি বাঙালি সাজ। তার কিছু ছবিও প্রকাশ করেছেন। তাতে দেখা যায়, সঞ্জীতার পরনে লাল রঙের বেনারসি, অফ-শোল্ডার ম্যাচিং ব্লাউজ। কপালে চন্দনের কারুকাজ, মাথায় শোলার মুকুট। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের সামনে মালা বদল করেন এই প্রেমিক যুগল।
সঞ্জীতার বিয়ের সব অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন ‘জওয়ান’ সিনেমার অধিকাংশ কলাকুশলী। সানিয়া মালহোত্রা থেকে শুরু করে অন্যান্যরা তার গায়েহলুদ, মেহেদি ও সংগীত অনুষ্ঠানে আনন্দে মেতে উঠেছিলেন। শুধু তাই নয়, প্রাক-বিয়ের ভিডিওতে গোটা ‘জওয়ান’ টিমকে সঞ্জীতার সঙ্গে পাল্লা দিয়ে নাচতে দেখা যায় ‘জওয়ান’ সিনেমার ‘জিন্দা বান্দা’ গানে।
গত বছরের ১০ আগস্ট রাগের সঙ্গে বাগদান সারেন সঞ্জীতা। বাগদানে ছবি শেয়ার করে সবার সঙ্গে হবু বর রাগকে পরিচয় করিয়ে দেন এই অভিনেত্রী। কাজের মাধ্যমে তাদের পরিচয়। তারপর বন্ধুত্ব ও প্রেম হতে বেশি সময় লাগেনি। গত বছর উদয়পুরেই সঞ্জীতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাগ।
শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমায় হেলেনা চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন সঞ্জীতা। দিল্লির বাসিন্দা সঞ্জীতা জানান, তার বাবা কলকাতার, মা বাংলাদেশের ময়মনসিংহের। বিদেশে বসবাস করা সত্ত্বেও, পরিবারের কাছ থেকে বাংলা ভাষা শিখে বড় হয়েছেন, যা তাকে তার শিকড়ের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত রেখেছে।
সঞ্জীতা বলেন, “আমার অনেক বন্ধু রয়েছে, যারা বাঙালি। কিন্তু একেবারেই বাংলা বলতে পারে না। আমি আসলে একজন প্রবাসী বাঙালি। কিন্তু আমার বাবা কলকাতার, মা ময়মনসিংহের। তাই আমাদের বাড়িতে বাঙালি-ঘাটি মিশ্রণের মধ্যে বাঙালিত্বটাই বেশি প্রাধান্য পায়।”