নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদার করছে সরকার। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সাইবার বুলিং ও অনলাইন হয়রানির বিরুদ্ধে কাজ করবে।
বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধন এনে বিচারপ্রক্রিয়া দ্রুত করার পাশাপাশি সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিজিটাল প্রমাণ ব্যবহারের সুযোগ বাড়ানো হয়েছে, যাতে অনলাইন অপরাধের বিচার কার্যকরভাবে সম্পন্ন করা যায়।”
ডা. জাহেদ উর রহমান বলেন, “বর্তমানে নারীরা শুধু রাজনৈতিক মত প্রকাশের কারণে নয়, ব্যক্তিগত জীবন নিয়েও নানা ধরনের সাইবার হয়রানির শিকার হচ্ছেন। এই প্রবণতা রোধে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে এবং প্রাতিষ্ঠানিকভাবে তা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।”
তিনি জানান, নতুন এই বিশেষ সেল গঠিত হলে অনলাইন প্ল্যাটফর্মে নারীদের নিরাপত্তা জোরদার হবে এবং সাইবার অপরাধ দমনে সমন্বিত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।