ক্যাম্পাস

বাস আছে চালক নেই, দুর্ভোগ বাড়ছে সিকৃবির শিক্ষার্থীদের

পরিবহন শাখায় তীব্র জনবল সংকটে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। প্রতিষ্ঠার ১৯ বছর পেরিয়ে গেছে, যানবাহন সংকট আংশিকভাবে কাটলেও জনবল সংকট এখনো রয়ে গেছে। ফলে প্রতিদিনই আসন সংখ্যার চেয়ে বেশি শিক্ষার্থী নিয়ে বাস চলাচল করছে, আর এতে শিক্ষার্থীদের অনেক সময় দাঁড়িয়ে কিংবা দরজার সামনে ঝুলে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার তথ্য অনুযায়ী, প্রায় ৩০০০ শিক্ষার্থীর জন্য বাস রয়েছে মাত্র ৫টি, যার মধ্যে একটি অচল। এই বাসগুলোর বিপরীতে চালক আছেন মাত্র ৩ জন এবং হেল্পার ৪ জন। সীমিত পরিবহন ব্যবস্থা, জনবল সংকট এবং জরাজীর্ণ যানবাহনের কারণে শিক্ষার্থীরা নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সচল ৪টি বাসে মোট আসনসংখ্যা প্রায় ২০০টি। সেই হিসেবে প্রতি ৭৫০ জন শিক্ষার্থীর জন্য রয়েছে একটি বাস এবং প্রায় ১৫ জন শিক্ষার্থীর বিপরীতে একটি আসন। ফলে যাতায়াতে চরম চাপ তৈরি হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক অধ্যাপক সুলতান আহমেদ টিপু বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের প্রচেষ্টায় পুবালি ব্যাংকের সহযোগিতায় একটি বাস পাওয়া গেছে। তবে, চালক সংকটের কারণে সেটি চালু করা সম্ভব হচ্ছে না। চালক নিয়োগের জন্য আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আবেদন করেছি, কিন্তু এখনো অনুমোদন পাইনি।”

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী তৌফিক বিল্লাহ সাকিব বলেন, “বিভিন্ন প্রয়োজনে আমাদের শহরে যেতে হয়। কিন্তু পর্যাপ্ত বাস না থাকায় সময়মতো এসেও সিট পাওয়া যায় না, অনেক সময় দাঁড়ানোর জায়গাও থাকে না। তখন বাধ্য হয়ে সিএনজি বা রিকশায় যেতে হয়, যা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাই।”