আন্তর্জাতিক

ট্রাম্পের ঘোষিত ইসরায়েল-লেবানন আলোচনার কোনো তথ্য নেই: লেবানিজ কর্মকর্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকৃত লেবানন ও ইসরায়েলি নেতাদের মধ্যে সম্ভাব্য কোনো আলোচনার খবর বা তথ্য বৈরুত সরকারের কাছে নেই। আল-জাজিরার প্রতিনিধি জেইনা খোদরকে দেওয়া এক সাক্ষাৎকারে লেবাননের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে দাবি করেন, দীর্ঘ ৩৪ বছর পর লেবানন ও ইসরায়েল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে। তিনি এই আলোচনাকে দুই দেশের জন্য কিছুটা ‘স্বস্তির নিঃশ্বাস’ হিসেবে উল্লেখ করেন, যা অনেকের কাছে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি মনে হয়েছে। 

ট্রাম্পের এই দাবি নিয়ে লেবাননে ব্যাপক বিতর্ক ও বিভ্রান্তি তৈরি হয়েছে। বৈরুত থেকে আল জাজিরার প্রতিনিধি জেইনা খোদর জানান, লেবানিজ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা স্পষ্ট জানিয়েছেন, নেতাদের মধ্যে কোনো ফোন কল বা আলোচনার বিষয়ে তাদের কাছে ‘কোনো তথ্য নেই’।

জেইনা খোদর আরো জানান, ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রদূতদের মধ্যে দ্বিতীয় কোনো বৈঠকের সম্ভাবনা নিয়ে যে গুঞ্জন উঠেছে, সে বিষয়েও লেবানন কর্তৃপক্ষ কিছু জানে না।