রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে পুরো দেশ। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই নৃশংস ঘটনার বিচার দাবি করছেন। শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারাও।
অভিযুক্ত ধর্ষক ও খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি শিশু রামিসার হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
শাকিব খান লিখেছেন, “একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার! শিশু রামিসার সঙ্গে হওয়া এই নৃশংস ঘটনা পুরো সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। প্রয়োজন দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি—যে শাস্তি ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে।”
তিনি আরও লেখেন, “এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা। তাই এখন সময় আইনের কঠোর প্রয়োগ, যাতে আর কোনো রামিসাকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়; যেন আর কোনো সন্তানের পিতাকে বলতে না হয়—‘আমরা বিচার চাই না, এদেশে বিচার নাই!’”
শিশু রামিসার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তীব্র প্রতিক্রিয়া। দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা।