তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জন করেছেন সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার (আইএম) মোহাম্মদ ফাহাদ রহমান।
রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ৯ খেলায় ৭ পয়েন্ট সংগ্রহ করে ফাহাদ রহমান জিএম নর্ম অর্জনের সব শর্ত পূরণ করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পুরো টুর্নামেন্টে তিনি অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন, যা তার দক্ষতা ও কৌশলগত মেধার উজ্জ্বল দৃষ্টান্ত।
এর আগে ২০২৪ সালের মার্চে ভিয়েতনামের হ্যানয় গ্র্যান্ডমাস্টারস দাবা প্রতিযোগিতায় তিনি প্রথম জিএম নর্ম অর্জন করেছিলেন। দীর্ঘ সময় ধরে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তিনি এ সাফল্যের জন্য নিরলস পরিশ্রম করে আসছিলেন।
প্রসঙ্গত, এর আগের একটি টুর্নামেন্টে শেষ রাউন্ডে এসে অল্পের জন্য নর্ম হাতছাড়া করেছিলেন ফাহাদ রহমান। তবে এবার দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাস ধরে রেখে শেষ রাউন্ডে সফলভাবে জয় নিশ্চিত করেন তিনি। বিশেষ করে অষ্টম রাউন্ডে ২৪৫৩ রেটিংধারী ইরানের শক্তিশালী আন্তর্জাতিক মাস্টার পোউর আগা বালা আমিররেজার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তার সাফল্যের পথ সুগম করে।
ফাহাদ রহমানের এ অর্জনে সোনারগাঁও ইউনিভার্সিটি পরিবার গভীর গর্ব প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তার এ সাফল্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় করবে।-বিজ্ঞপ্তি