আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘অহংকার চূর্ণের’ ইতিহাস মনে করাল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হওয়ার পর ইতিহাস থেকে রোমান সাম্রাজ্যের পরাজয়ের উদাহরণ টেনে মার্কিন প্রশাসনকে বার্তা দিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, অতীতে রোমানরা যেমন পারস্য জয় করতে এসে ব্যর্থ হয়েছিল, বর্তমানের আগ্রাসনকারীরাও ইরানি প্রতিরোধের মুখে একই পরিণতির শিকার হয়েছে। খবর প্রেস টিভির।

রবিবার (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই ঐতিহাসিক প্রসঙ্গটি তুলে ধরেন ইসমাইল বাঘাই। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খবর আসে যে, ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন বন্ধ, অবৈধ নৌ-অবরোধ প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের ব্যাংকে আটকে থাকা ইরানি সম্পদ অবরুদ্ধমুক্ত করতে দুই দেশ একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছেছে।

ঐতিহাসিক ঘটনার দিকে ইঙ্গিত করে বাঘাই লেখেন, “রোমানদের ধারণা ছিল রোমই বিশ্বের একমাত্র কেন্দ্রবিন্দু। কিন্তু ইরানিরা তাদের সেই অহংকার ও বিভ্রম চূর্ণ করে দিয়েছিল। রোমান সম্রাট মার্কাস জুলিয়াস ফিলিপাস যখন পারস্যের বিরুদ্ধে পূর্ব দিকে সামরিক অভিযান চালান, তখন রোম জয়ী হতে পারেনি। বরং সাসানীয়দের দেওয়া শর্ত মেনে নিয়ে রোমান সম্রাটকে শান্তি চুক্তি করতে বাধ্য হতে হয়েছিল।”

পোস্টে তিনি জোর দিয়ে আরো বলেন, “শেষ পর্যন্ত সম্রাটকে শর্ত মেনেই সমঝোতায় আসতে হয়েছিল।”

প্রেস টিভির তথ্যমতে, গত ২৭ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে ইরানের পক্ষ থেকে দফায় দফায় তীব্র ও সফল প্রতিরোধ গড়ে তোলা হয়। প্রায় ১০০ বারেরও বেশি সফল প্রতিশোধমূলক পাল্টা আঘাত হানার পাশাপাশি ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ শত্রু ও তাদের মিত্রদের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেয়।

ইরানের এই অনড় অবস্থানের মুখে গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হন।

প্রেস টিভির দাবি, দীর্ঘদিনের এই সংঘাত ও অবরোধ ইরানের ইসলামি শাসনব্যবস্থাকে দুর্বল করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। উল্টো হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ব জ্বালানি বাজারে তীব্র সংকট তৈরি হয়। এমনকি যুক্তরাষ্ট্রের বাজারেও গ্যাসের দাম আকাশচুম্বী হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড পরিমাণে হ্রাস পায়, যা শেষ পর্যন্ত ওয়াশিংটনকে তেহরানের সঙ্গে সমঝোতার টেবিলে বসতে বাধ্য করেছে।