পাকিস্তানের কোয়েটায় একটি শাটল ট্রেনে বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। রবিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে বেলুচিস্তান সরকার জানিয়েছে।
রেল কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এপিপি জানিয়েছে, সকাল ৮টার কিছু পরেই কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেল স্টেশনের দিকে যাওয়ার পথে চমন ফটকের কাছে শাটল ট্রেনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা শহীদ রিন্দ এক বিবৃতিতে জানিয়েছেন, বিস্ফোরণে নিহতের সংখ্যা ২৪-এ পৌঁছেছে।
তিনি আরো জানান, নিহতদের মধ্যে ফ্রন্টিয়ার কোরের তিনজন সদস্য রয়েছেন।
রিন্দ জানান, বিস্ফোরণে নারী ও শিশুসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন, যাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি বলেন, “সন্ত্রাসীরা নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।
বিস্ফোরণের প্রকৃতি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরো অনেক বেশি হতে পারে।
পুলিশ, কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং বোমা নিষ্ক্রিয়করণ দল প্রমাণ সংগ্রহের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।
পাকিস্তান রেলওয়ে জানিয়েছে, জরুরি কার্যক্রমে সহায়তার জন্য ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রাক এবং একটি সহায়ক ট্রেন পাঠানো হয়েছে।
এপিপি জানিয়েছে, বিস্ফোরণে লোকোমোটিভসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে এবং দুটি বগি উল্টে গেছে।