অনলাইন জুয়া প্রতিরোধে নতুন আইন আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (২৪ মে) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘১৮৬৭ সালের মান্ধাতা আমলের জুয়া আইন বাতিল করে জুয়া, বেটিং ও অনলাইন জুয়া প্রতিরোধে একটি সম্পূর্ণ নতুন, যুগোপযোগী ও আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে। আগামী সংসদ অধিবেশনেই বিল আকারে এটি পেশ করা হবে।’’
এ সময় মুক্ত গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘‘সমাজের সর্বাঙ্গীণ সংস্কার ও অগ্রগতির জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। তবে রাষ্ট্রীয় নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে যৌক্তিক বিধিনিষেধ থাকা দরকার।’’
সামাজিক যোগাযোগমাধ্যমের লাগামহীন অপব্যবহার, পারিবারিক-সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও কৃত্রিম ন্যারেটিভ তৈরির বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। গণমাধ্যমকর্মীদের সামাজিক সচেতনতা বাড়াতে পরামর্শমূলক ভূমিকা রাখারও তিনি আহ্বান জানান।
মন্ত্রী এ সময় রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার প্রসঙ্গে বলেন, ‘‘রামিসা হত্যার প্রধান আসামিকে ৭ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামি একদিনের মধ্যে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সরকারের নির্দেশে ৩ দিনে ডিএনএ ও ময়নাতদন্ত রিপোর্ট শেষ করে গত রাতেই মামলার পূর্ণাঙ্গ চার্জশিট প্রস্তুত হয়েছে। আজই তা আদালতে দাখিল করা হচ্ছে।’’
মামলা দ্রুত নিষ্পত্তির জন্য স্পেশাল পিপি নিয়োগ ও বিশেষ আদালত গঠন করা হয়েছে। ঈদের ছুটিতেও আদালত খোলা থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।