২০২৭ সালের মধ্যে সৌদি আরবের বাজারে বাংলাদেশের রপ্তানি ১০ কোটি মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। লক্ষ্য বাস্তবায়নে সরকারের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রবিবার (২৪ মে) সচিবালয়ে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে মন্ত্রী বলেন, ‘‘বাস্তবসম্মত প্রস্তাব পেলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। বাংলাদেশের রপ্তানি এখনো তৈরি পোশাক নির্ভর। তবে সৌদি ও মধ্যপ্রাচ্যের বাজারে ওষুধ, চামড়াজাত পণ্য, পাটপণ্য, খাদ্যপণ্য এবং সৌদি ভোক্তাদের চাহিদা অনুযায়ী তৈরি পোশাকের বড় সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে প্রচলিত ধারা থেকে বেরিয়ে খাতভিত্তিক পরিকল্পনা নিতে হবে।’’
প্রবাসী কর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বিদেশে কর্মরতদের যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ব্যক্তি, পরিবার ও দেশ উপকৃত হবে। দক্ষ মানবসম্পদ বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বাংলাদেশের বড় সম্পদ হতে পারে।’’
প্রতিনিধিদল জানায়, সৌদি ভিশন ২০৩০, ওয়ার্ল্ড এক্সপো ও বিশ্বকাপকে সামনে রেখে শিক্ষা, দক্ষ মানবসম্পদ, গ্রিন টেকনোলজি, পরিবেশ, মরুভূমি বনায়ন, কৃষি-খাদ্য ও ক্ষুদ্রঋণভিত্তিক অর্থায়নে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও খাতভিত্তিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।