সারা বাংলা

ছাগলের গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা, আটক ১

ছাগলের সজনে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে মাহাবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। 

রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মাহাবুল ওই এলাকার মৃত আজিজুল প্রামাণিকের ছেলে। আটক আবুল বাশার মুন্সী একই এলাকার আবুল কাশেম মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মাহাবুলের একটি ছাগল প্রতিবেশী বাশার মুন্সি ও তার বড় ভাই তসলিম মুন্সির সজনে গাছের পাতা খায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন তারা।

অভিযোগ রয়েছে, এ সময় বাশার মুন্সি ও তসলিম মুন্সি লাঠি দিয়ে মাহাবুলের ঘাড়, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। এতে মাহাবুল হোসেন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বাশার মুন্সিকে আটক করেছে। অপর আসামিকে আটকের চেষ্টা চলছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাইনি।