প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় করবেন।
রবিবার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং জাতীয় সংসদের চিফ হুইপ রাজধানীতে ঈদের নামাজ আদায় করবেন।
সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও জ্যেষ্ঠ সংসদ সদস্য নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে ঈদের নামাজ আদায় করবেন। স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে, জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলায় এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজ সংসদীয় আসনে ঈদের নামাজ আদায় করবেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন।
সরকারের অধিকাংশ মন্ত্রী ও সংসদ সদস্য নিজ নিজ এলাকায় সর্বস্তরের জনগণের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ সংসদীয় আসনে নামাজ আদায় করবেন বলে জানা গেছে।
জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ঈদের নামাজ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রীসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেবেন।