মধ্য গাজার একটি শরণার্থী শিবিরের অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় ছয় মাস বয়সী এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তারা রবিবার এ তথ্য জানিয়েছেন।
চিকিৎসকরা নুসেইরাত শরণার্থী শিবিরে নিহত তিনজনের নাম জানিয়েছেন: শিশুটির বাবা মোহাম্মদ আবু মাল্লুহ, মা আলা জাকলান এবং তাদের সন্তান ওসামা।
চিকিৎসকরা জানান, রবিবার ছিটমহলটির উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘের পরিচালিত একটি চিকিৎসা ক্লিনিকের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি পুরুষ নিহত হন।
এই দুটি ঘটনার কোনোটি নিয়েই ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
দেইর আল-বালাহ-এর আল-আকসা শহীদ হাসপাতালের মর্গে নিহত পরিবারটির আত্মীয়রা সাদা কাফনে মোড়া তিনটি মরদেহকে শেষ বিদায় জানাতে আসেন।
শিশুটির দাদি উম্ম হামজা আবু মাল্লুহ বলেন, “এক ব্যক্তি তার স্ত্রী ও ছয় মাস বয়সী শিশুপুত্রকে নিয়ে নিজেদের বিছানায় ঘুমিয়ে ছিলেন। রকেটটি তার বিছানার ওপর পড়ে এবং তাকে, তার স্ত্রী ও পুত্রকে কেড়ে নেয়, পেছনে রেখে যায় ছয়টি ছোট মেয়েকে।”
ইসরায়েল সম্প্রতি ছিটমহলটির বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া পুনরায় শুরু করেছে — অক্টোবরের যুদ্ধবিরতির পর এই প্রথাটি অনেকটাই কমে গিয়েছিল।
আবু মাল্লুহ-এর ভাই ইয়াহিয়া আবু মাল্লুহ বলেন, “আমরা জানতে পারি যে আমার ভাই যখন তার বাড়িতে নিরাপদে ঘুমিয়ে ছিল, তখন তার বাড়িটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আমরা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তাদের (পরিবারটিকে) ছিন্নভিন্ন অবস্থায় দেখতে পাই।”
তিনি বলেন, “যুদ্ধবিরতির উদ্দেশ্য ছিল শান্তি, কোনো হামলা বা অন্য কিছু নয়, কিন্তু শত্রুরা রাতে অতর্কিতে আক্রমণ করে।”