গোপালগঞ্জে ‘মুজিব মানে মুক্তি’ নাটকের প্রদর্শনী
গোপালগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী ‘মুজিব মানে মুক্তি’ নাটকের প্রদর্শনী। জেলা শিল্পকলা একাডেমি এ নাটকের প্রদর্শনীর আয়োজন করে।
বুধবার সকালে শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে এ নাটক প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
নাট্যজন লিয়াকত আলী লাকীর গ্রন্থনা ও নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা এ নাটকে অংশ নেন। বাংলাদেশ এবং বঙ্গবন্ধু ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ এ বিষয়কে কেন্দ্র করে ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তানী শাসন ও শোষন এবং বাংলা দেশের স্বাধীনতা অর্জন, ৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনা এ নাটকে তুলে ধরা হয়। মন্ত্রমুগ্ধের মত এ নাটক উপভোগ করেন আগত অতিথিবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
বঙ্গবন্ধুর জীবনী নিয়ে মঞ্চায়িত এ নাটকের মুল লক্ষ্য ছিল নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো। আগামীকাল ২৯ আগস্ট এ নাটক প্রদর্শনী শেষ হবে।
এসময় গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খন্দকার এহিয়া খালেদ সাদী, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহসহ বীণাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেখ হাসিনা সরকারি বালিকা স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
রাইজিংবিডি/গোপালগঞ্জ/২৮ আগস্ট ২০১৯/বাদল সাহা/বুলাকী
রাইজিংবিডি.কম