সর্বোচ্চ বিচারের দাবি রিফাতের বাবার, মিন্নির বাবার ক্ষোভ
রুদ্র রুহান || রাইজিংবিডি.কম
বরগুনা প্রতিনিধি : জেলার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ড মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে ৭ নম্বর আসামি করে ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিট দাখিলের ঘটনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ। এদিকে মিন্নিকে ৭ নম্বর আসামি করায় ক্ষোভ প্রকাশ করেছেন বাবা মোজাম্মেল হোসেন কিশোর।
অভিযোগপত্রে মিন্নির নাম রাখার প্রসঙ্গে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘আমি আইনি লড়াইয়ের মাধ্যমে যেভাবে মহামান্য হাইকোর্ট থেকে মিন্নির জামিন পেয়েছি, ইনশাআল্লাহ সেভাবেই আইনি লড়াইয়ের মাধ্যমে আমার মেয়ে মুক্তি পাবে।’
মিন্নিকে নির্দোষ দাবি করে তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর রাইজিংবিডিকে আরও বলেন, ‘সারাদেশ এবং বিশ্ব দেখেছে, আমার মেয়ে মিন্নি তার স্বামী রিফাত শরীফকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছে। তারপরও যাদের চক্রান্ত ও প্ররোচনায় এবং যারা অর্থের লোভে প্রভাবিত হয়ে আমার মেয়েকে এভাবে বিনাদোষে মামলায় জড়াচ্ছে, তাদের বিচার আল্লাহ করবেন।’
অপরদিকে রিফাতের খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তার বাবা ও মামলার বাদী আবদুল হালিম দুলাল শরীফ। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘আমার বিশ্বাস, পুলিশ সঠিক তদন্তের মাধ্যমেই আদালতে চার্জশিট দাখিল করেছে। আশা করি, আদালতের মাধ্যমে আমি আমার ছেলে হত্যার ন্যায় বিচার পাবো। আমি আমার ছেলের খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করি। সেই সঙ্গে এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
তিনি রাইজিংবিডিকে আরও বলেন, ‘আমি যখন এজাহার দাখিল করেছিলাম, তার মধ্য থেকে চার আসামিকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আশা করছি চার্জশিট দাখিলের পর ওই চার আসামিসহ সব আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে।’
রাইজিংবিডি/বরগুনা/২ সেপ্টেম্বর ২০১৯/রুদ্র রুহান/বুলাকী
রাইজিংবিডি.কম