ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাত্রদের যৌন নির্যাতন মাদ্রাসা শিক্ষকের, হাসপাতালে ১

মো. শামীম কাদির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২০, ২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছাত্রদের যৌন নির্যাতন মাদ্রাসা শিক্ষকের, হাসপাতালে ১

জয়পুরহাট সংবাদাদাতা : জেলা শহরের আরাম নগর হাফেজিয়া মাদ্রসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

রোববার দুপুরে নির্যাতনের শিকার হওয়া ওই মাদ্রসার তৃতীয় শ্রেণির এক ছাত্রকে তার স্বজনরা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেছেন। আবাসিক ওই মাদ্রাসার শিক্ষক আইয়ুব আলী পার্শ্ববর্তী নওগাঁর ধামুইরহাট উপজেলার কামিয়া ডাঙ্গা গ্রামের নাসির উদ্দিনের ছেলে। বিষয়টি জানাজানি হলে ওই শিক্ষক মাদ্রাসা বন্ধ করে পালিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মাদ্রাসার ভূক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অভিযোগ করে বলেন, জয়পুরহাট শহরের আরাম নগর এলাকার এই হাফেজিয়া মাদ্রাসায় লেখাপড়া করত ১৪/১৫ জন শিশু। এসব শিশুদের সবাই জেলা শহরসহ আশপাশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র পরিবারের সন্তান। শিক্ষক আইয়ুব আলী প্রতি রাতে শিক্ষার্থীদের আরবী শেখাতেন। পরে শোবার সময় তার বিছানায় প্রায় প্রতি রাতে এক এক জন শিশুকে ডেকে নিয়ে বলাৎকার করতেন।

এরই ধারাবাহিকতায় জেলা শহরের মাদারগঞ্জ এলাকার দরিদ্র ভ্যানচালকের শিশু পুত্রকে ভয় দেখিয়ে গত এক সপ্তাহ ধরে তাকে যৌন নির্যাতন চালিয়ে আসছেন। এমতাবস্থায় গুরুতর অসুস্থ শিশুটি পালিয়ে বাড়ি এসে ঘটনাটি মা বাবাকে বললে তারা ওই শিশুকে হাসপাতালে ভর্তি করান।

ধর্মীয় শিক্ষকের এমন কূকীর্তি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী এই ঘটনার ধিক্কার জানান। তারা শিক্ষক আইয়ুব আলীর দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। আরাম নগর এলাকার সাবু ইসলাম, সোহাগ হোসেনসহ অন্যান্যরা রাইজিংবিডিকে জানান, এমন বিকৃত যৌনাচারের দু’চারজন ধর্মীয় শিক্ষকের কারণে আলেম সমাজ বিব্রত। এই শিক্ষককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা।

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মুবিনুল ইসলাম মুবিন রাইজিংবিডিকে জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটির মলদ্বারে ক্ষত রয়েছে এবং এটি যে, বিকৃত যৌন নির্যাতন এতে কোন সন্দেহ নাই।

জয়পুরহাট সদর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) রায়হান হোসেন রাইজিংবিডিকে জানান, এ ব্যাপারে অসুস্থ শিশুটির বাবা জয়পুরহাট সদর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ বিষয়টি আমলে নিয়ে দ্রুত তদন্ত করবে। তবে আসামি পলাতক থাকায় তাকে এক্ষুনি তাকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও তাকে দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


রাইজিংবিডি/জয়পুরহাট/২ সেপ্টেম্বর ২০১৯/মো. শামীম কাদির/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়