ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকাতির ঘটনায় আটক ২, মালামাল উদ্ধার

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৭, ২৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডাকাতির ঘটনায় আটক ২, মালামাল উদ্ধার

বাগেরহাটের মোংলায় চার বছর আগের ডাকাতির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার সকালে আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে। এর আগে শুক্রবার সকালে পিবিআই পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদের নেতৃত্বে অভিযান চালিয়ে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বালিজোড়া এলাকা থেকে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রামপুর গ্রামের দিলাল মিয়ার ছেলে রুহুল আমিন (২৯) এবং একই উপজেলার বালিজোড়া গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে আব্দুল মান্নান (৬৫)। তাদের কাছ থেকে লুটে নেওয়া দু’টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

পিবিআই পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদ বলেন, ২০১৬ সালের ২০ নভেম্বর রাতে জেলার মোংলা উপজেলার পশ্চিম শেওলা বুনিয়া গ্রামের জিয়া সড়ক এলাকার একে এম শওকত আলীর বাড়িতে মুখোশধারী চারজন লোক ঢুকে দু’টি মোবাইল সেট, স্বর্ণালংকারসহ মোট দুই লাখ ৭৪ হাজার টাকার মালামাল লুট করে নেয়।

পরে বাড়ির মালিক বাদী হয়ে থানায় একটি ডাকাতি মামলা করেন। প্রায় চার বছরেও থানা পুলিশ ওই ডাকাতি মামলার ক্লু উদ্ধার করতে না পাড়ায় মামলার ফাইনাল রিপোর্ট দেয়।

মামলার বাদীর না রাজির প্রেক্ষিতে চলতি মাসের ১ তারিখ বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে মোবাইলের আইএমইআই নাম্বারের মাধ্যমে লুট হওয়া মোবাইলে কোন সিম ব্যবহার হচ্ছে সেটা খুঁজে বের করা হয়। পরবর্তীতে মোবাইল ব্যবহারের অভিযোগে আব্দুল মান্নানকে (৬৫) এবং মোবাইল বিক্রির অভিযোগে রুহুল আমিনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, তাদের জিজ্ঞাসাবাদে কে এই মোবাইল তাদের কাছে বিক্রি করেছে। কোথা থেকে মোবাইল পেয়েছে, সেসব তথ্য পাওয়া গেছে। এই তথ্য নিয়ে ডাকাতির মূল আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।


বাগেরহাট/আলী আকবর টুটুল/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়