ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সন্ধ্যা হতেই নেমে আসছে হাতির পাল, আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫০, ২৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সন্ধ্যা হতেই নেমে আসছে হাতির পাল, আতঙ্ক

খাদ্যের সন্ধানে প্রতিদিন কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকার লোকালয়ে হানা দিচ্ছে বন্য হাতির পাল।

সম্প্রতি কয়েকদিনে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ও রাইখালী ইউনিয়নের প্রায় ১০টি গ্রামে হাতির দল হানা দিয়ে একাধিক কৃষকের ক্ষেত-খামারসহ হাজার হাজার টাকার সম্পদ সাবাড় করে গেছে। জঙ্গলে লুকিয়ে থাকা বন্য হাতি সাধারণ মানুষকে আক্রমণ করছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি কাপ্তাইয়ে বিভিন্ন এলাকায় সন্ধ্যা হলেই বন্য হাতির পাল লোকালয়ে ঢুকে আক্রমণ করছে। গত ২৭ সেপ্টেম্বর রাত দেড়টায় রাইখালীর ডংনালা গ্রামের নিজ বাসার সামনেই বন্য হাতির আক্রমনের শিকার হন রাইখালীর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন (৪২)। এসময় মাথা, বুকে ও পিঠে গুরুতর আঘাতপ্রাপ্ত হন নাছির। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালে ভর্তি করেন।

২৩ সেপ্টেম্বর রাতে ডংনালা এলাকার পল্লী চিকিৎসক রেমংপ্রু মারমা (৪০) দোকান বন্ধ করে রাতে বাড়ি ফিরছিলেন। পথে সড়কের পার্শ্ববতী জঙ্গল হতে বন্য হাতি তাকে আক্রমন করে। এসময় তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালে ভর্তি করে।

ডংনালা গ্রামের অংজাবাই মারমা রাইজিংবিডিকে জানান, সন্ধ্যা নামলেই পাহাড় থেকে বন্য হাতির দল লোকালয়ে ছুটে আসছে। রাইখালী ডংনালা, তংসি পাড়া, হাতিমারা মুখপাড়া, খাসিভাঙা, কোদালা, কারিগড়পাড়া, রাইখালীসহ একাধিক গ্রামে বন্য হাতির আক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রতিরাতে গ্রামের কৃষকদের কলা, জাম্বুরা, কচি বাঁশ কোঁড়ল, মসল্লা জাতীয় আদা হলুদসহ বিভিন্ন কৃষিপণ্য পায়ে পিষ্ট ও সাবাড় করে ফেলছে। বন্য হাতির দল কয়েকটি দলে বিভক্ত হয়ে বাড়িঘরে হানা দিচ্ছে এবং মালামাল তছনছ করছে।

গ্রামবাসী জানায়, দলছুট একটি বন্য হাতি সরাসরি মানুষের উপর হামলা চালাচ্ছে। বনজঙ্গলের পাশে অবস্থান নিয়ে রাতের আঁধারে সাধারণ মানুষের উপর আক্রমণ করছে।

স্থানীয় বন বিভাগ সূত্র জানায়, রির্জাভ এলাকা কমে যাওয়া এবং পাহাড়ে খাদ্যের সংকটের কারণে লোকালয়ে হানা দিচ্ছে বন্য হাতির দল।

রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এনামুল হক রাইজিংবিডিকে জানান, গত কয়েকদিনে বন্য হাতির দল বেপরোয়া হয়ে উঠেছে। কৃষকের হাজার হাজার টাকার কৃষিপণ্য নষ্ট ও সাবাড় করে ফেলছে। রাতের আধাঁরে সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে। বন্য হাতির লোকালয়ে জানমালের ব্যাপক ক্ষতি সাধন করলেও বন বিভাগের কার্যকারী কোন পদক্ষেপ নিচ্ছে না। সাধারণ মানুষের সম্পদ রক্ষায় বন বিভাগ তথা সরকারের দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন।

 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়