কক্সবাজারে ২৯৬টি পূজামণ্ডপ প্রস্তুত
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারে আগামী ৪ থেকে ৫ অক্টোবর দিনব্যাপী শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব।
এবার শারদীয় দুর্গোৎসবের জন্য প্রস্তুত জেলার ২৯৬টি পূজামণ্ডপ। যার মধ্যে রয়েছে ১৪১টি প্রতিমা ও ১৫৫টি ঘট পূজা। তবে গত বছরের তুলনায় এবছর কমেছে ৫টি পূজামণ্ডপ। আর জেলা প্রশাসনের উদ্যোগে একটি পূজামণ্ডপের আয়োজন করা হবে মিয়ানমার থেকে আগত হিন্দু রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে।
রোববার বেলা ১২টায় শহরের ব্রাক্ষ্ম মন্দিরে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব তথ্য জানান জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশ।
তিনি জানান, ৮ অক্টোবর বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে বিজয়ার মহামিলন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে। এছাড়াও জেলা প্রশাসন এবং জেলা পুলিশের সাথে মতবিনিময় করা হয়েছে। তারা পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তার প্রতিশ্রুতি দেন। ফলে এবার শারদীয় দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হবে।
মতবিনিময় সভায় পূজা উদযাপন পরিষদের সদস্যরা ছাড়াও সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার/সুজাউদ্দিন রুবেল/বুলাকী
রাইজিংবিডি.কম