নিখোঁজ দুই বোনকে পাওয়া গেল ডোবায়
হিলি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি ডোবা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার উচনা গ্রামের ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে সোমবার সন্ধ্যায় দুবোন নিখোঁজ হয়।
এ দুজন উচনা গ্রামের মোখলেছার রহমানের মেয়ে মনিরা (৬) ও রুবেল হোসেনের মেয়ে মরিয়ম (৬)। তারা সম্পর্কে চাচাতো বোন। দুজনেই একটি এনজিও পরিচালিত ‘আশ্রয়’ স্কুলের ছাত্রী।
স্থানীয়রা রাইজিংবিডিকে জানান, সোমবার বিকেলে দুই বোন বৃষ্টির সময় বাড়ির বাইরে খেলা করছিল। এরপর সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে ফিরে আসেনি।
বাবা-মাসহ প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে স্থানীয় মসজিদের মাইকে দুবোনের নিখোঁজের খবর জানিয়ে দেয়।
আজ সকালে গ্রামের পাশে ডোবায় মনিরা ও মরিয়মের লাশ ভাসতে দেখেন পথচারীরা। পরে পাঁচবিবি থানায় সংবাদ দিলে পুলিশ এসে শিশু দুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান রাইজিংবিডিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হিলি/মোসলেম উদ্দিন/জেনিস
রাইজিংবিডি.কম