ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোহলি যদি রিভিউটা নিতেন!

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ৩০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোহলি যদি রিভিউটা নিতেন!

ক্রীড়া ডেস্ক : হার্দিক পান্ডিয়ার লেগ স্টাম্পের বাইরের বল। পুল করতে গিয়ে পরাস্ত হয়েছিলেন জেসন রয়। মহেন্দ্র সিং ধোনি বলটা গ্লাভসবন্দি করার পর কট বিহাইন্ডের আবেদনটা হলো বেশ জোরেশোরেই। আম্পায়ার আলিম দার দুই হাত প্রসারিত করে জানালেন ওয়াইড।

এগিয়ে এলেন বিরাট কোহলি। দীর্ঘ আলোচনা চলল ধোনির সঙ্গে। শেষ পর্যন্ত অবশ্য রিভিউটা নিলেন না ভারত অধিনায়ক। টিভি রিপ্লেতে আলট্রাএজে দেখা গেল, বল রয়ের গ্লাভস ছুঁয়ে গিয়েছিল! অর্থাৎ কোহলি রিভিউ নিলেই আউট  হয়ে যেতেন ইংল্যান্ড ওপেনার।

রয় তখন ২১ রানে ব্যাট করছিলেন। ডানহাতি ব্যাটসম্যান ‘লাইফলাইন’ পেয়ে পরের দুই বলে পান্ডিয়াকে হাঁকান ছক্কা-চার।

পরে যখন আউট হলেন, তার নামের পাশে ৬৬ রান। যে উদ্বোধনী জুটি ভাঙতে পারত ৪৯ রানেই, সেই জুটিতে এলো ১৬০ রান!

রয় ও জনি বেয়ারস্টোর এই উদ্বোধনী জুটির সুবাদে উড়ন্ত সূচনা পেয়েছে ইংল্যান্ড। ২৩ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ১৬৩ রান। সেঞ্চুরি থেকে তখন ১০ রান দূরে আছেন বেয়ারস্টো।

ইংল্যান্ডের জন্য ম্যাচটা বাঁচা-মরার লড়াই। এজবাস্টনে আজ হারলেই সেমিফাইনালের লড়াই থেকে অনেকটাই ছিটকে যাবে ইংলিশরা। আর ইংল্যান্ড হারলে লাভ সেমির লড়াইয়ে থাকা বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার।


রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়