ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশভাগের পর এই প্রথম ভারতের সাপোর্ট করল পাকিস্তান

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৯, ১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশভাগের পর এই প্রথম ভারতের সাপোর্ট করল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক : ভারত-ইংল্যান্ডের ম্যাচটির সঙ্গে জড়িয়ে ছিল বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনার রসদ। সে কারণে ইংলিশদের বিপক্ষে রোববার তিনটি দেশই কায়মনোবাক্যে ভারতের জয় প্রার্থনা করেছে। মাঠে উপস্থিত পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সমর্থকরা গলা ফাটিয়েছে ভারতের জন্য।

যদিও দিন শেষে ভারত জয় পায়নি। ৩১ রানে হেরেছে ইংল্যান্ডের কাছে। তাতে সেমিফাইনাল থেকে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়ে গেছে। সেমিফাইনালে যাওয়ার পথ কঠিন হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের জন্য। তবে ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হওয়া দেশভাগের পর এই প্রথম ভারতকে সমর্থন দিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

এ বিষয়ে পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার বলেছেন, ‘ভারতের হাতে পাঁচ উইকেট ছিল। আমি মনে করেছিলাম তারা জয়ের জন্য চেষ্টা করবে। সুযোগটা নিবে। কিন্তু তারা সেটা করেনি। আমি মনে করি ভারত খুবই ধীরগতিতে খেলেছে। যাইহোক, পাকিস্তানী সমর্থক হিসেবে আমাদের চাওয়া ছিল ভারত জিতুক। এর মধ্য দিয়ে আমরা দেশভাগের পর প্রথমবার ভারতের সমর্থন করেছি। তাদের জয় প্রত্যাশা করেছি। যদিও ভারত জিততে পারেনি। তবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের যেই ভালো পারফরম্যান্স করে ম্যাচটি জেতাতে পারত সে আমাদের ‘হিরো’ হত।’

 

এজবাস্টনে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৩৩৭ রান সংগ্রহ করে। জবাবে ভারত ৫ উইকেট হারিয়ে ৩০৬ রানের বেশি করতে পারেনি। রোহিত শর্মার ১০২ ও বিরাট কোহলির ৬৬ রান ভারতের জেতার জন্য যথেষ্ট ছিল না।


রাইজিংবিডি/ঢাকা/১ জুলাই ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়