দুর্দান্ত পুরানকে থামিয়ে শ্রীলঙ্কার জয়
ক্রীড়া প্রতিবেদক : জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে গড়তে হতো বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়ার নতুন রেকর্ড। দুর্দান্ত এক সেঞ্চুরিতে অনেকটা একাই ওয়েস্ট ইন্ডিজকে জয় প্রায় এনেই দিচ্ছিলেন নিকোলাস পুরান। তবে শেষ দিকে নিজের প্রথম বলেই তাকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে দারুণ জয় এনে দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস।
বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই থেকে দুই দল ছিটকে পড়েছে আগেই। নিয়মরক্ষার ম্যাচে সোমবার ওয়েস্ট ইন্ডিজকে ২৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।
চেস্টার লি স্ট্রিটে আভিসকা ফার্নান্দোর সেঞ্চুরিতে এবারের বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ ৬ উইকেটে ৩৩৮ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থামে ৯ উইকেটে ৩১৫ রানে।
২০১১ বিশ্বকাপে সর্বোচ্চ ৩২৮ রানের লক্ষ্য তাড়া করে আয়ারল্যান্ড জিতেছিল ইংল্যান্ডের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজকে ভাঙতে হতো সেই রেকর্ড। কিন্তু বড় লক্ষ্য তাড়ায় ক্যারিবীয়রা ২২ রানের মধ্যেই হারায় সুনীল আমব্রিস ও শাই হোপের উইকেট। দুজনই লাসিথ মালিঙ্গার শিকার।
মালিঙ্গা উইকেট পেতে পারতেন ক্রিস গেইল আর শিমরন হেটমায়ারেরও। তবে একই ওভারে এই দুজনের ক্যাচ নিতে পারেননি যথাক্রমে থিরিমান্নে ও মেন্ডিস। জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি গেইল (৩৫) ও হেটমায়ার (২৯)। তখন ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে ওয়েস্ট ইন্ডিজ।
এরপরই পুরানের লড়াই শুরু। জেসন হোল্ডারের সঙ্গে ৬১ ও কার্লোস ব্রাফেটের সঙ্গে ৫৪ রানের জুটিতে এগিয়ে নেন দলকে। ইনিংসের সেরা জুটিটা হয় অবশ্য ফ্যাবিয়ান অ্যালেনের সঙ্গে।
শেষ ১৫ ওভারে দরকার ছিল ১৩৯ রান। পুরান আর অ্যালেনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে কমে আসে ব্যবধান। পুরান এগিয়ে যান সেঞ্চুরির দিকে। অ্যালেন ঝোড়ো ফিফটি তুলে নেন ৩০ বলে। এরপরই ভুল বোঝাবুঝিতে রান আউটে ফেরেন অ্যালেন (৫১)। ভাঙে ৫৮ বলে ৮৩ রানের জুটি।
এরপর পুরান তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শেষ পাঁচ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৪৭ রান। যেটি শেষ তিন ওভারে নেমে আসে ৩১ রানে। ৪৮তম ওভারে শ্রীলঙ্কা অধিনায়ক বল তুলে দেন ম্যাথুসের হাতে, যিনি ওয়ানডেতে সবশেষ বোলিং করেছিলেন ২০১৭ সালের ডিসেম্বরে।
সেই ম্যাথুস নিজের প্রথম বলেই ফেরান পুরানকে। অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়া বাঁহাতি ব্যাটসম্যান ১০৩ বলে ১১ চার ও ৪ ছক্কায় সাজান ১১৮ রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজও ম্যাচ থেকে ছিটকে যায় সেখানেই। ৫৫ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার মালিঙ্গা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৯৩ রানের উদ্বোধনী জুটিতে শ্রীলঙ্কাকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন দিমুথ করুনারত্নে ও কুশল পেরেরা। ১১ রানের ব্যবধানে এই দুজনের বিদায়ের পর শ্রীলঙ্কাকে টেনে নিয়েছেন তিনে নামা ফার্নান্দো।
ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে ৪৮তম ওভারে আউট হওয়ার আগে ১০৩ বলে ৯ চার ও ২ ছক্কায় ১০৪ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। পেরেরা ৫১ বলে ৬৪, করুনারত্নে ৪৮ বলে ৩২ রান করেন।
কুশল মেন্ডিস ৪১ বলে ৩৯ ও লাহিরু থিরিমান্নে ৩৩ বলে অপরাজিত ৪৫ রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার সর্বোচ্চ ২ উইকেট নেন ৫৯ রানে।
অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার এটি তৃতীয় জয়। সমান ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ষষ্ঠ হার। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে আফগানিস্তানের, শ্রীলঙ্কার প্রতিপক্ষ ভারত।
রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৯/পরাগ
রাইজিংবিডি.কম