বাকৃবিতে ১১ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নিয়ে কর্মশালা
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ২৫ দিনব্যাপী ১৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।
কর্মশালার আয়োজন করেছে বাকৃবির গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই)।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জিটিআইয়ের প্রশিক্ষণ কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ কর্মশালায় দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৫ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। ২৫ দিনব্যাপী এ কর্মশালায় ১৮তম ব্যাচের কোর্স কো-অর্ডিনেটর হিসেবে আছেন অধ্যাপক এ.কে.এম. রফিকুল ইসলাম, ড. রাখী চক্রবর্তী এবং গোলাম মোহাম্মদ মোস্তাকিম।
জিটিআই পরিচালক অধ্যাপক মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আকতারুজ্জামান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম।
অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে একজন মানুষের জ্ঞান, দক্ষতা, প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়। আর বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এই প্রশিক্ষণের বিকল্প নেই। একজন প্রশিক্ষণপ্রাপ্ত মানুষই পারে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হতে। সেই সাথে দেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি ও মাদক দূর করতে সরকারের সাথে কাজ করে যেতে হবে।’
বাকৃবি/আতিকুর রহমান/হাকিম মাহি
রাইজিংবিডি.কম