১০ বছর পর মিমির পরিচালনায় সজল
শুটিং সেটে সেলফিবন্দি মিমি, সজল
বিনোদন ডেস্ক: বৈঠকখানাটি পুরোনো আদলে তৈরি। তাতে রাখা আসবাবপত্রও পুরোনো নকশায় গড়া। এ বৈঠকখানায় বসে আছেন অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম, আব্দুন নূর সজল, আফসানা মিমি, ফ্লোরা সরকার।
মুখোমুখি বসেছেন মিমি ও সজল। মিমির হাতে স্ক্রিপ্ট। কোনো একটি দৃশ্য নিয়ে কথা বলছেন, সজল তা মনোযোগ দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করছেন। একটি স্থিরচিত্রে এমন দৃশ্য দেখা যায়।
জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি নির্মাণ করছেন ‘সমান্তরাল’ নাটক। এতে অভিনয় করছেন সজল। এ অভিনেতা বলেন, ‘মিমি আপার ডিরেকশন আমার খুব পছন্দ। দীর্ঘ ১০ বছর পর তার পরিচালনায় কাজ করছি।’
গতকাল বৃহস্পতিবার পুরান ঢাকার নারিন্দায় নাটকটির শুটিং শুরু হয়েছে। সেখানে পুরোনো একটি বাড়িতে শুটিং হয়েছে। তবে কেমন গল্প নিয়ে নাটকটি নির্মিত হচ্ছে তা জানা যায়নি। খুব শিগগির বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এটি প্রচার হবে জানা গেছে।
রাইজিংবিডি/ঢাকা/২৮ জুন ২০১৯/শান্ত
রাইজিংবিডি.কম