অপুর সঙ্গী হলেন কনা
বিনোদন প্রতিবেদক: চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা।
সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন অপু। চলতি বছরের শুরুতে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়। এবার এই বিজ্ঞাপনে অপুর সঙ্গে যুক্ত হলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। বিজ্ঞাপনটির জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তিনি।
গত ২৭ জুন মৌচাকের একটি স্টুডিওতে জিঙ্গেলটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এর কথা লিখেছেন আজিশা রহমান ইতি। সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘সুন্দরী নারিকেল তেলের বিজ্ঞাপনে কাজ করেছি। কাজটি ভালো হয়েছে। খুব শিগগির টেলিভিশনে এর প্রচার শুরু হবে।’
জিয়াউদ্দিন আলম বলেন, ‘এরই মধ্যে অসংখ্য গান লেখা ও সুর করা হলেও এই প্রথমবার জিঙ্গেলে কাজ করলাম। নতুন অভিজ্ঞতা হলো। আশা করছি, কাজটি সবার ভালো লাগবে।’
বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন আকাশ আমিন। পোস্ট বক্স এজেন্সির এ বিজ্ঞাপনে চিত্রগ্রাহক হিসেবে ছিলেন ইবাদ আলিম।
অপু বিশ্বাস বর্তমানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী।
এছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ নামে সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৯/রাহাত/শান্ত
রাইজিংবিডি.কম
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী