ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাহিন-আফ্রির ‘খেয়ালি মন’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ২৯ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহিন-আফ্রির ‘খেয়ালি মন’

বিনোদন প্রতিবেদক: এ প্রজন্মের কণ্ঠশিল্পী শাহিন আহমেদ। এরই মধ্যে বেশকিছু গান গেয়ে পরিচিতি পেয়েছেন তিনি। মাঝে দীর্ঘ আট বছর গান থেকে দূরে ছিলেন। এবার ‘খেয়ালি মন’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দেয়ার মধ্য দিয়ে ফিরলেন তিনি। মোস্তফা আহমেদ বাবুর কথা ও সুরে ‘খেয়ালি মন’ গানটির সংগীতায়োজন করেছেন মীর মাসুম ও জিদান।

গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি পরিচালনা করেছেন সঞ্জীব সাহা। এতে মডেল হয়েছেন আফ্রি। পুরো গানে আফ্রি’র সঙ্গে রোমান্সে মেতেছেন শাহিন আহমেদ। এটি ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

গান প্রসঙ্গে শাহিন আহমেদ বলেন, ‘‘নানা কারণে দীর্ঘদিন সংগীত থেকে দূরে ছিলাম। তবে এখন থেকে নিয়মিত গানের সঙ্গেই থাকব। ‘খেয়ালি মন’ দিয়ে সেই যাত্রাটা শুরু করলাম। বর্তমান সময়ের সব শ্রেণির শ্রোতা-দর্শকের কথা মাথায় রেখেই গান এবং ভিডিওটি নির্মাণ করা হয়েছে। প্রকাশের পর খুব ভালো সাড়া পাচ্ছি। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’’

ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।  

শাহিন গানের পরিবারেই বেড়ে উঠেছেন। বাবা গান করতেন, তাই গানের হাতেখড়িটা বাবার কাছ থেকেই। এরপর ওস্তাদ সালেহ আহমেদ এবং একুশে পদক বিজয়ী ওস্তাদ রাম কানাই দাসের কাছ থেকে গানের তালিম নেন। গানের টানেই সিলেট থেকে ঢাকায় আসেন।

২০০৫ সালে প্রয়াত লিয়ন দাস এবং বাপ্পা মজুমদারের সঙ্গে মিক্সড অ্যালবাম ‘ভালোবাসার দিন, কাছে আসার দিন’ এর মাধ্যমে অডিও জগতে প্রবেশ করেন শাহিন আহমেদ। ২০১১ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘ধূসর বিকেল’। এরপর দীর্ঘ ৮ বছরের বিরতির পর নতুন গান নিয়ে হাজির হলেন এই শিল্পী।

দেখুন: ‘খেয়ালি মন’ গানটি।

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়