ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সীমান্তর পরিচালনায় অপূর্ব-তিশা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩১, ৩০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সীমান্তর পরিচালনায় অপূর্ব-তিশা

বিনোদন ডেস্ক: তরুণ নাট্যনির্মাতা সীমান্ত সজল। ‘বর্ণমালার মিছিল’, ‘জয়তু’, ‘ভালোবাসার মায়াজাল’সহ বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। এবার তিনি নির্মাণ করলেন একক নাটক ‘শুভ জন্মদিন’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা। রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন পরিচালক।

সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটক প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘সীমান্ত সজলের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। গল্পটা শুনে আমি মুগ্ধ হই। এত সুন্দর ভালোবাসার বহিঃপ্রকাশ! তাই গল্প শুনেই একবাক্যে রাজি হয়ে যাই। শুটিং সেটে এসে রীতিমতো অবাক হয়েছিলাম। কারণ সীমান্ত সজলের সেট ডিজাইন, আর্ট ডিরেকশন চমৎকার এবং ব্যতিক্রম, যা আমি সচরাচর অন্য সব পরিচালকের মাঝে দেখি না। এ পরিচালকের আরেকটি বিষয় খুব ভালো লাগে সেটা হলো— গল্প বলার ধরন। গল্পগুলো খুব স্পর্শকাতর।’

অন্যদিকে তানজিন তিশা বলেন, ‘সীমান্ত সজলের সঙ্গে আমারও এটা প্রথম কাজ। এত সুন্দর গল্প ভাবনা। গল্প শুনেই কাজটি করার ইচ্ছে জাগে এবং এক কথায় রাজি হয়ে যাই। শুটিং শিডিউল জটিলতা থাকলেও মনের ইচ্ছায় সব বাধা পেরিয়ে শুভ জন্মদিন নাটকটিতে অভিনয় করেছি। অনেক তৃপ্তি নিয়ে সীমান্ত সজলের সঙ্গে কাজটি করেছি। আশা করছি, ভবিষ্যতে সীমান্তর সঙ্গে আরো ভালো ভালো কাজ করব।’

 

আশাবাদ ব্যক্ত করে পরিচালক সীমান্ত সজল বলেন, ‘শুভ জন্মদিন নামটা আমাদের খুব পরিচিত। সবাই সবার মতো গল্প ভেবে নেয়। কিন্তু সবাই যা ভাবছে আসলে তা না। এই শুভ জন্মদিনটা একটু অন্যরকম, যা মানুষকে ভাবিয়ে তুলবে। হয়তো কাঁদিয়ে ফেলবে। তবু ভালোবাসবে। শুভ জন্মদিন জীবনের কথা বলবে, শুভ জন্মদিন ভালোবাসার কথা বলবে।’

অপূর্ব-তিশা ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন— মোসফিকুর শুভ, শ্রাবন্তী শ্রাবণ, নুসরাত সাবরিন, ডালিম কুমার দাস টিটু, শাওন আহমেদ এবং থিয়েটারের ৩০জন শিল্পী। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন আফফান মিতুল।

 

নাটকটি প্রযোজনা করেছেন মো. মোজাফফর হোসেন দীপু। খুব শিগগির বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।


রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়