বলিউডে ফিরছেন ধানুশ
বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ। ২০১৩ সালে ‘রানঝানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় এই অভিনেতার। ২০১৫ সালে অমিতাভ বচ্চন অভিনীত ‘শামিতাভ’ সিনেমায় সর্বশেষ দেখা যায় তাকে।
এরপর দীর্ঘ চার বছর পার হলেও বলিউডের কোনো সিনেমায় আর অভিনয় করেননি ধানুশ। দীর্ঘ বিরতি ভেঙে বলিউডে ফিরছেন এই অভিনেতা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ‘রানঝানা’ সিনেমার পরিচালক আনন্দ এল রাই নাম ঠিক না হওয়া একটি সিনেমা নির্মাণ করছেন। এতে হৃতিক রোশানের সঙ্গে অভিনয় করবেন ধানুশ। সারা আলী খান সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন।
তারকাবহুল এ সিনেমার শুটিং চলতি বছরের শেষের দিকে শুরু হওয়ার কথা রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি সিনেমা সংশ্লিষ্টরা।
ধানুশ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘মারি-টু’। গত বছরের ২১ ডিসেম্বর মুক্তি পায় এটি। সিনেমাটিতে ব্যবহৃত ‘রাউডি বেবি’ শিরোনামের গানটি বিশ্বজুড়ে ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করেছিল। গানটিতে কণ্ঠও দিয়েছিলেন ধানুশ। বর্তমানে তামিল ভাষার দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।
রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৯/শান্ত/ফিরোজ
রাইজিংবিডি.কম