ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রাবন্তীকে খুঁজতে গিয়ে পেলাম ঋতুপর্ণাকে

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৮, ২৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রাবন্তীকে খুঁজতে গিয়ে পেলাম ঋতুপর্ণাকে

বিএফডিসিতে শুটিংয়ের ফাঁকে স্বামী-শাশুড়ি নিয়ে খুঁনসুটিতে মেতেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। এমন খবর পেয়ে ভাবলাম- সাক্ষাৎকার নিব। দুপুর গড়িয়ে বিকেল। পূর্বপ্রস্তুতি হিসেবে বেশ কিছু প্রশ্নও মনে মনে ঠিক করে রাখলাম। এদিকে আকাশে মেঘের গর্জন, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। পুরো আকাশ যেনো অন্ধকারে ডুবে আছে। 

ঘড়ির কাটা তখন সন্ধ্যা ৭টা। ততক্ষণে কর্মস্থল থেকে বিএফডিসির পথে যাত্রা শুরু করেছি। এর মধ্যেই শুরু হলো বৃষ্টি। কাকভেজা শরীর নিয়ে দ্রুত বিএফডিসিতে প্রবেশ করলাম। ৩ নাম্বার ফ্লোরের সামনে আসতেই দেখলাম উৎসুক মানুষের ভিড়। ভিতরে প্রবেশে বাধানিষেধ আছে। দেখে অনুমান করলাম- এই ফ্লোরেই শ্রাবন্তী শুটিং করছেন। না হলে এতো কড়াকড়ি হবে কেন? এগিয়ে যেতেই পরিচিত একজন হাত বাড়িয়ে দিলেন। উপযাজক হয়েই বললেন, ‘আপনি যাকে খুঁজছেন তিনি শট দিচ্ছেন। মেকআপ রুমে গিয়ে বসুন।’ রুমে গিয়ে বসতেই চা এলো। বৃষ্টির মধ্যে গরম চা বেশ ভালোই লাগছিল। কিন্তু আমার মনে তখন অন্য ভাবনা- আমি খুঁজছি নায়িকা শ্রাবন্তীকে। ওই ভদ্রলোক জানলেন কীভাবে?

ভাবছি আর অপেক্ষা করছি শ্রবন্তীর। এলেই সাক্ষাৎকার নিব। এর মধ্যেই আজাদ ভাই মেকআপ রুমে ঢুকলেন। তার সঙ্গে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। মেকআপম্যান সেলিম ভাই হঠাৎ পরিচয় করিয়ে দিয়ে বললেন, ‘ম্যাডাম, আপনার সাক্ষাৎকার নেয়ার জন্য সাংবাদিক অপেক্ষা করছেন। এখন সাংক্ষাৎকারটা দিতে পারেন। শট নিতে সময় লাগবে।’ ঋতুপর্ণার দিকে তাকিয়ে আমি অপ্রস্তুত হলেও, সুযোগটিকে কাজে লাগালাম। মনের কথা মনে রেখে কুশল বিনিময় করলাম। এরপর শুরু হলো আমাদের কথোপকথন।

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলার পাশাপাশি হিন্দি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন। এক সময় বাংলাদেশের সিনেমায় নিয়মিত অভিনয় করতেন। বিএফডিসিতে ‘জ্যাম’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকা এসেছেন এই অভিনেত্রী। মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি কথাচিত্র থেকে দীর্ঘ দশ বছর পর সিনেমাটি তৈরি হচ্ছে। নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত এই সিনেমায় ঋতুপর্ণার সঙ্গে জুটি বেঁধেছেন আরিফিন শুভ।
স্বাভাবিকভাবেই কথা এগুচ্ছিল। দুই বাংলার সিনেমা নিয়েই কথা হলো। প্রশ্ন আর আড্ডা চলল ঘণ্টাখানেক। আড্ডায় অন্য শিল্পীরাও যুক্ত হলেন। এরই মধ্যে ডাক এলো- ‘ম্যাডাম সেট রেডি’। দ্রুত বিদায় নিয়ে শট দিতে চলে গেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এভাবেই শ্রাবন্তীকে খুঁজতে গিয়ে পেয়ে গেলাম ঋতুপর্ণাকে।


ঢাকা/রাহাত সাইফুল/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়