সতর্ক আমির
আমির খান অভিনীত পরবর্তী সিনেমা লাল সিং চাড্ডা। এতে তার বিপরীতে দেখা যাবে কারিনা কাপুরকে। সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে।
সিনেমাটিতে ভিন্ন রূপে পর্দায় হাজির হবেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। কারিনাকেও ভিন্নভাবে দেখা যাবে। সম্প্রতি সিনেমাটির একটি ফটোশুটে হাজির হয়েছিলেন তারা। এ সময় ছিল বাড়তি সতর্কতা। ডেকান ক্রনিক্যাল এ তথ্য জানিয়েছে।
একটি সূত্র বলেন, থাগস অব হিন্দুস্তান সিনেমার শুটিংয়ের সময়ই কিছু ছবি ফাঁস হয়েছিল। এদিকে লাল সিং চাড্ডা সিনেমা মাত্র শুরু হচ্ছে, তাই আমির এবার খুবই সতর্ক। ক্যারিয়ারে প্রথমবার শিখ চরিত্রে অভিনয় করছেন এবং তাকে পাগড়িতে বিভিন্ন লুকে দেখা যাবে। কারিনাও ভিন্ন লুকে হাজির হবেন। আমির চাইছেন না কোনো লুক ফাঁস হোক। এজন্য সিনেমাটির লুক টেস্ট খুব গোপনে করেছেন।
লাল সিং চাড্ডা সিনেমাটি পরিচালনা করছেন সিক্রেট সুপারস্টার সিনেমাখ্যাত আদভাইত চন্দন। এর প্রযোজনায় রয়েছে ভায়াকম ও আমিরের প্রযোজনা প্রতিষ্ঠান। ১ নভেম্বর থেকে এর শুটিং শুরু হবে। আগামী বছর ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
ঢাকা/মারুফ
রাইজিংবিডি.কম