ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মার্সেলের বিজ্ঞাপনে আঁচল

প্রকাশিত: ১১:৫৯, ১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মার্সেলের বিজ্ঞাপনে আঁচল

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা আঁচল আঁখি। অল্প সময়ের মধ্যে চলচ্চিত্রাঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনেও কাজ করছেন এই চিত্রনায়িকা। এরই ধারাবাহিকতায় দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্সেলের রেফ্রিজারেটরের বিজ্ঞাপনে মডেল হলেন আঁচল।

বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন জয়নুল আবেদীন শিশির। সম্প্রতি এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এ প্রসঙ্গে আঁচল আঁখি বলেন, ‘আগেও বেশ কয়েকবার বিভিন্ন পণ্যের মডেল হয়েছি। আমি একজন অভিনেত্রী, তাই সব ধরনের কাজের প্রতি আমার সম্মান, শ্রদ্ধা এবং টান রয়েছে। এ বিজ্ঞাপনও মানসম্মত। গল্পটি ভালো লেগেছে, কাজটিও চমৎকার হয়েছে। আশা করি, দর্শকেরও ভালো লাগবে।’

খুব শিগগির বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

আঁচল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এক কোটি টাকা’। ছটকু আহমেদ পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, মিজু আহমেদ, বাপ্পি চৌধুরী, শিরিন শিলাসহ অনেকে।

এদিকে আঁচল ‘রাগী’ সিনেমার শুটিং সম্প্রতি শেষ করেছেন। মিজানুর রহমান মিজান পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করছেন মুনমুন, সনি রহমান, আবির খান, মৌমিতা মৌসহ অনেকে। এছাড়া ‘মঙ্গলযাত্রা’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। রাশিদ পলাশ পরিচালিত এ সিনেমায় আঁচলের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো জানাননি নির্মাতা।


ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়