ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হেনস্তার অভিযোগ নিয়ে মুখ খুললেন অনু মালিক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৭, ১৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হেনস্তার অভিযোগ নিয়ে মুখ খুললেন অনু মালিক

ভারতের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও গায়ক অনু মালিক। গত বছর বলিউডে মি টু আন্দোলনের সময় তার বিরুদ্ধেও হেনস্তার অভিযোগ ওঠে।

এ বিষয়ে এতদিন কোনো মন্তব্য করেননি অনু মালিক। অবশেষে মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি একটি বিবৃতি দিয়েছেন। এর একটি অংশে তিনি লিখেছেন, যখন থেকে আমার বিরুদ্ধে এই মিথ্যা ও যাচাইবিহীন অভিযোগ উঠেছে, এটি শুধু সম্মানহানিই করেনি পাশাপাশি আমার ও পরিবারের সদস্যদের মানসিকভাবে প্রভাবিত করেছে। আমাদের মানসিক আঘাত দিয়েছে। আমার ক্যারিয়ার কলঙ্কিত করেছে। অসহায় বোধ করছি। মনে হচ্ছে আমি কোণঠাসা, কেউ শ্বাসরোধ করে রেখেছে। এই বয়সে আমার নামের সঙ্গে মিথ্যা, কলঙ্কপূর্ণ শব্দ ও ঘটনা যুক্ত হতে দেখতে হচ্ছে। এটি খুবই অসম্মানের।

তিনি আরো লিখেছেন, কেন এতদিন এই অভিযোগ ওঠেনি? এখন আমার একমাত্র আয়ের উৎস টেলিভিশন। যখন এখানে ফিরলাম তখনই কেন এই অভিযোগ উঠছে? দুই মেয়ের বাবা হয়ে আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা কল্পনাই করতে পারি না, এই কাজ করা তো দূরেই থাক।

এছাড়া বিবৃতিতে ন্যায়বিচার দাবি করেছেন অনু মালিক। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে লড়াইয়ে সমাধান না হলে আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন তিনি।

গত বছর বলিউডে মি টু আন্দোলন বেশ জোরালো আকার ধারণ করে। তখন অনু মালিকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তোলেন গায়িকা সোনা মহাপাত্র, শ্বেতা পন্ডিত। এছাড়া নাম প্রকাশ না করে এ গায়কের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেন আরো দুই নারী। সেই সময় ভারতের সনি টিভি চ্যানেলের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১০’-এর বিচারকের দায়িত্ব পালন করছিলেন অনু মালিক। অভিযোগ ওঠার পর এ দায়িত্ব থেকে বিরতি নিয়েছিলেন তিনি।

ইন্ডিয়ান আইডল ১১-তে ফের বিচারকের আসনে ফেরেন অনু মালিক। এরপর সোনা মহাপাত্র ও নেহা বাসিন এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলা চিঠিতে চ্যানেল ও অন্য বিচারকদের সমালোচনা করেন।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়