প্রেম করছি: জয়া
জয়া আহসান
দেশের দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পাশাপাশি ওপার বাংলার সিনেমায় অভিনয় করে যেমন প্রশংসা কুড়িয়েছেন তেমনি পেয়েছেন সম্মাননা।
ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্ক নিয়ে বহুবার আলোচনায় উঠে এসেছেন জয়া আহসান। কিন্তু বরাবরই সেসব সম্পর্ক অস্বীকার করেছেন। এবার নিজেই জানালেন প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান জয়া।
প্রসেনজিতের সঙ্গে প্রথমবার ‘রবিবার’ সিনেমায় অভিনয় করছেন জয়া আহসান। আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। এ উপলক্ষে সংবাদমাধ্যমটিতে সাক্ষাৎকার দিয়েছেন জয়া। এ সময় জানতে চাওয়া হয়—কলকাতার একজন তারকা আমাদের জানিয়েছেন, আপনি বাংলাদেশের কারো সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন এবং আগামী বছর বিয়ে করবেন…। উত্তরে জয়া আহসান বলেন, ‘ওহ! আমার সম্পর্কে কে এসব বলেছে?’
আপনি কি এই গুঞ্জন উড়িয়ে দিচ্ছেন? জবাবে জয়া আহসান বলেন, ‘না। আমি সম্পর্কে রয়েছি এ কথা সত্যি। সে বাংলাদেশের কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ না।’ বিয়ে নিয়ে কী পরিকল্পনা জানতে চাইলে জয়া বলেন, ‘আমি প্রেম করছি কিন্তু আপাতত বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই।’
মডেল-অভিনেতা ফয়সাল আহসানকে ভালোবেসে ১৯৯৮ সালের ১৪ মে বিয়ে করেন জয়া আহসান। ২০১১ সালে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানেন এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত
রাইজিংবিডি.কম
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী