ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবার পথে কেন হাঁটলেন না ইরা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৮, ২১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাবার পথে কেন হাঁটলেন না ইরা?

জনপ্রিয় বলিউড অভিনেতা আমির খান। অভিনেতা হিসেবে তার গুণের কথা সবার জানা। বিশেষ করে স্টাইলিশ হিসেবে তার খ্যাতি তুঙ্গে। একেক সিনেমায় একেক রূপে হাজির হয়ে ভক্তদের চমকে দিতে ভালোবাসেন। 

আমির-কন্যা বাবার মতো হবেন- এমনটাই প্রত্যাশা ছিল। কিন্তু বাবার পথে হাঁটছেন না মেয়ে ইরা। বরং ক্যামেরার পেছনেই নিজেকে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। 

এ প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে ইরা বলেন, আমি সবসময় পরিচালনা করতে চেয়েছি। অভিনয় করতে চাইনি, কারণ ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্যবোধ করি না। এছাড়া নিজেকে ভালো অভিনয়শিল্পীও মনে করি না। যদি অভিনয়শিল্পী হতে চাইতাম, এ নিয়ে অনেক কাজ করতে হতো। কিন্তু আমার কাছে পরিচালনার বিষয়টি বেশি আকর্ষণীয় মনে হয়েছে।

বাবাকে নিয়ে সিনেমা পরিচালনা করতে চান কিনা জানতে চাইলে তিনি বলেন, যেদিন পরিচালনার বিষয়টি আরো ভালোভাবে রপ্ত করতে পারব, সেদিন হয়তো করব। পরিচিত কারো সঙ্গে কাজ করা খুব কঠিন। বিষয়টি শুধু আমার বাবার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই। বাবার সঙ্গে কাজ করার আগে নিজের দক্ষতা সম্পর্কে নিশ্চিত হতে চাই। কারণ পরিবারের অন্যদের মতো তিনিও খুবই জানাশোনা ব্যক্তি। তাই যখন নিজের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হবো তখনই বাবাকে নিয়ে সিনেমা পরিচালনার কথা চিন্তা করব।

পরিচালনার মাধ্যমে শোবিজে পা রাখছেন ইরা। ইউরিপিডিসের ‘মিডিয়া’ মঞ্চে পরিচালনা করবেন তিনি। এতে অভিনয় করছেন তার ভাই জুনায়েদ খান। বাবার মতো তিনিও কাজপাগল জানিয়ে ইরা বলেন, যখন আমরা কোনো কাজ পাই পুরোপুরি সেদিকে মনোযোগ দিই। চারপাশের সবকিছু ভুলে যাই। এখন আমি একটি মঞ্চ নাটক পরিচালনা করছি এবং গত কয়েকমাস ধরে নাটকটি নিয়েই আছি।



ঢাকা/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়