ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনয়ে শখের লুকোচুরি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৯, ২২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অভিনয়ে শখের লুকোচুরি

ছোট পর্দার আলোচিত অভিনেত্রী আনিকা কবীর শখ। প্রায় দুই বছর ধরে অভিনয়ে লুকোচুরি খেলছেন এই অভিনেত্রী। গত ঈদুল ফিতরে দীর্ঘ দেড় বছরের বিরতি ভেঙে ‘সামছু ভাই সংসারী হতে চায়’ ও ‘অহংকার’ নামে দুটি নাটকে অভিনয় করেন তিনি। তখন এ অভিনেত্রী জানান, মায়ের অসুস্থতার কারণে অভিনয় থেকে দূরে ছিলেন।

আবার খানিকটা বিরতি নিয়ে গত ঈদুল আজহার দুটি নাটকে অভিনয় করেন শখ। তারপর শোবিজ থেকে আড়ালে চলে যান। চার মাস পর আবারো অভিনয়ে ফিরলেন তিনি। গত মঙ্গলবার নির্মাতা ময়ূখ বারীর একটি নাটকের শুটিংয়ের মধ্য দিয়ে ফিরেছেন এ অভিনেত্রী। এতে ‘ঢাকা অ্যাটাক’খ্যাত অভিনেতা তাসকিন রহমানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। আগামী ঈদুল ফিতরের জন্য নাটকটি নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।

এর আগে অভিনয়ে লুকোচুরি নিয়ে শখ বলেছিলেন, ‘সত্যি বলতে আমি অভিনয় ছেড়ে যাইনি। মায়ের অসুস্থতা ও বিভিন্ন কারণে অভিনয়ে বিরতি টানতে হয়েছে। তবে এখন থেকে আবার নতুন উদ্যমে কাজ করব।’ কিন্তু ঈদুল আজহার ছুটির পর শুটিংয়ে ফিরেননি তিনি। তবে শখ ভক্তদের প্রত্যাশা এবার কথা রাখবেন তাদের প্রিয় অভিনেত্রী।

২০১২ সালে সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শখ। ২০১৬ সালের ৭ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। ২০১৭ সালের মাঝামাঝি সময় বিচ্ছেদ ঘটে এই দম্পতির। তারপর থেকে শোবিজে অনিয়মিত শখ।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়