ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আলিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ১১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আলিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বছর শেষে শুরু হয়েছে অ্যাওয়ার্ড মৌসুম। কাজের স্বীকৃতিস্বরূপ সেরাদের হাতে উঠছে পুরস্কার।

বলিউডেও বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তারকাদের হাতে তুলে দেয়া হচ্ছে সেরার পুরস্কার। গত বছর অভিনয়ের বিচারে সেরা অভিনেত্রীদের তালিকায় আলিয়া ভাটকেই এগিয়ে রাখা হচ্ছে। এরই ধারবাহিকতায় সম্প্রতি স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের মঞ্চে আলিয়া ভাটের হাতে উঠেছে সেরা অভিনেত্রীর পুরস্কার। জনপ্রিয় ক্যাটাগরিতে গলি বয় সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

কিন্তু এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এর শুরু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে। সেখানে দেখা যায়, পুরস্কার হাতে অনুষ্ঠানস্থল থেকে বের হচ্ছেন আলিয়া। তবে পেছনের দরজা দিয়ে। এমনকি তখনও বিজয়ীর নাম ঘোষণা করা হয়নি। এ সময় উপস্থিত ফটোসাংবাদিকদের দেখে বিব্রত হন আলিয়া। যদিও দ্রুত চতুর এই অভিনেত্রী পরিস্থিতি সামলে নেন।

এই সময় আলিয়ার ম্যানেজার সাংবাদিকদের তখনই ছবি প্রকাশ না করার অনুরোধ জানান। তিনি তাদের সন্ধ্যা সাতটার পর ছবিগুলো প্রকাশের অনুরোধ করেন। সাংবাদিকরাও তাকে আশ্বস্ত করেন রাত ৮টার আগে ছবিগুলো প্রকাশ হবে না। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রশ্ন তুলেছেন। বলা হচ্ছে— আলিয়া এই অ্যাওয়ার্ড পূর্ব নির্ধারিত আর্থাৎ ‘ফিক্সিং’ করেছেন। না হলে তিনি ছবি প্রকাশে নিষেধ করবেন কেন?

এই আগুনে ঘি ঢেলেছেন অভিনেত্রী কঙ্গনা রাণৌতের বোন রাঙ্গোলি চান্ডেল। তিনি  ভিডিওটি শেয়ার করে আলিয়ার উদ্দেশে মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, যাক এতটুকু সততা তো এখনো আছে যে চুপে চুপে এই কাজ করছো! ভালো লাগছে ভেতরে কিছু তো আছে যা এটি থেকে তোমাকে বিরত রাখছে!

যদিও এ প্রসঙ্গে সেই প্রতিষ্ঠান বা আলিয়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

দেখুন ভিডিও:
 


ঢাকা/মারুফ/তারা

 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়