অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি : মেহেদী
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকাই চলচ্চিত্রে এক সময়ের পরিচিত মুখ চিত্রনায়ক মেহেদী। নব্বই দশকের শেষের দিকে তিনি চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন। তবে তার অভিনীত অধিকাংশ চলচ্চিত্র ছিল অশ্লীল। এজন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল এ অভিনেতাকে। অশ্লীলতাবিরোধী অভিযান শুরু হলে অশ্লীল দৃশ্যের অভিনেতা-অভিনেত্রীরা ছিটকে পড়েন। মেহেদীও সেসময় চলচ্চিত্র থেকে বিদায় নেন, লোকচক্ষুর অন্তরালে চলে যান।
২০১২ সালে শাকিব খানের সঙ্গে ‘ডন নাম্বার ওয়ান’ সিনেমায় অভিনয়ের পর থেকেই লাপাত্তা এই নায়ক। অথচ শাকিব খান শীর্ষে অবস্থান করে দিব্যি কাজ করে যাচ্ছেন। তবে আবারও চলচ্চিত্রে ফিরছেন মেহেদী। অশ্লীলতার দায়ভার তার ঘাড়ে কেন? এমন প্রশ্নও তুলেছেন তিনি।
এ প্রসঙ্গে মেহেদী বলেন, ‘এক সময় কাটপিসনির্ভর কিছু সিনেমা নির্মাণ করা হতো। কাটপিস কিনে নির্মাতারা চলচ্চিত্রে ঢুকিয়ে দিতেন। কাটপিসের দায়ভার আমাদের ঘাড়ে কেন? শাকিব খানসহ অনেকেই আমরা একসঙ্গে কাজ করেছি। আমি সরাসরি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি। দেখা গেছে আমার দৃশ্যের পরে কাটপিস জোড়া লাগিয়ে দিয়েছে। আমি যেসব দৃশ্যে অভিনয় করেছি, সে রকম দৃশ্যে অনেক নায়ক অভিনয় করেছেন। এখনও করছেন, অথচ তাদের বদনাম হচ্ছে না!’
চলচ্চিত্রে ফেরা প্রসঙ্গে এই নায়ক বলেন, ‘চলচ্চিত্রের অবস্থা ভালো হচ্ছে। তাই আবার চলচ্চিত্রে নিয়মিত হতে চাই। তবে অভিনয় নয়। নতুন বছরে দুটি সিনেমা প্রযোজনা করব।’
চলচ্চিত্রে মেহেদীর আত্মপ্রকাশ শৈশবে। শিশুশিল্পী হিসেবে তিনি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন। ‘পাগল মন’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। এরপর ‘ধনদৌলত’, ‘হাসু আমার হাসু’, ‘অন্যায়’, ‘মহান’, ‘নিয়ত’, ‘চেনামুখ’, ‘শরীফ বদমাশ’, ‘নান্টু ঘটক’, ‘জারকা’, ‘তিন বাহাদুর’, ‘মর্যাদা’, ‘নবাব’, ‘অহিংসা’, ‘কাবিন’, ‘বিধাতা’, ‘উনিশ বিশ’, ‘দিদার’, ‘কসম’, ‘বিস্ফোরণ’, ‘নাগজ্যোতি’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন।
ঢাকা/রাহাত সাইফুল
রাইজিংবিডি.কম