ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আলিয়াকে গুরুত্ব দিতে…

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ৩০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আলিয়াকে গুরুত্ব দিতে…

বাহুবলি সিনেমাখ্যাত পরিচালক এস এস রাজামৌলি। তার পরবর্তী সিনেমা ট্রিপল আর। বর্তমানে এই সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি।

এই সিনেমায় অভিনয় করছেন আলিয়া ভাট। অনেকদিন থেকেই রাজামৌলির সিনেমায় অভিনয় করতে চাইছিলেন এই অভিনেত্রী। তাই প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই তা লুফে নেন। কিন্তু শোনা যাচ্ছে, ট্রিপল আর সিনেমায় তাকে খুব বেশি সময় পর্দায় দেখা যাবে না।

এদিকে বর্তমানে প্রথম সারির বলিউড অভিনেত্রীর একজন আলিয়া। রাজি, গলি বয় সহ একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিচ্ছেন। তাই ট্রিপল আর সিনেমায় এই অভিনেত্রীর চরিত্রের গুরুত্ব বাড়িয়ে দিতে চাইছেন পরিচালক। প্রথমে ক্যামিও চরিত্র থাকলেও এখন এর সঙ্গে একটি গান ও কিছু দৃশ্য সংযোজন করছেন রাজামৌলি। এর মধ্যে গানটি সিনেমায় আলিয়ার গুরুত্ব বাড়িয়ে দেবে। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এই তথ্য জানিয়েছে।

এর আগে সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে আলিয়া বলেন, রাজামৌলি স্যারের সঙ্গে আমার বিমানবন্দরে দেখা হয়, আমি তাকে হাতজোড় করে বলেছিলাম তার সিনেমায় যে কোনো চরিত্রে অভিনয় করতে রাজি আছি। সে সময় তিনি সিনেমাটিতে কোনো নারী চরিত্র চূড়ান্ত করেননি। তখন তিনি আমার শিডিউল নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। আমি জানিয়েছিলাম, যখনই হোক আমি শিডিউল ঠিক করে নিব। শেষ পর্যন্ত আমরা এটি করতে পেরেছি।

কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ট্রিপল আর সিনেমার গল্প। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রাম চরণ, আলিয়া ভাট, জুনিয়র এনটিআর, অজয় দেবগন প্রমুখ। পাশাপাশি রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো হলিউড তারকাকেও এই সিনেমায় দেখা যাবে। আগামী অক্টোবরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়