প্রশংসায় ভাসছে ঊনপঞ্চাশ বাতাসের টিজার (ভিডিও)
ধু ধু বালুচর পেরিয়ে হেঁটে যাচ্ছেন এক লোক। পরনে স্যুট কোট, হাতে সুটকেস। নেপথ্য কণ্ঠে ভেসে আসছে—‘মন খারাপ করো না। সবকিছু জেনে যাবার বাইরে কিছুটা তো অজানা থেকেই যায়। যেমন আমাদের নিঃশ্বাসের রঙ।’
দৃশ্যটি ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার প্রকাশিত টিজারের। গতকাল বৃহস্পতিবার রাতে রেড অক্টোবরের ইউটিউব চ্যানেল প্রকাশিত হয়েছে টিজারটি। সিনেমাটির পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল তার ফেসবুকেও প্রকাশ করেছেন এটি।
এক মিনিট ১৩ সেকেন্ড দৈর্ঘ্যের এ টিজারে দেখা মিলেছে সিনেমাটির প্রধান চরিত্র নীরা ও অয়নের। এ দুটি চরিত্র রূপায়ন করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। টিজারটি প্রকাশ্যে আসার পর থেকে প্রশংসায় ভাসছে এটি। সিনেমাটোগ্রাফি, শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণের অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন দর্শক।
আল মামুন নামে একজন লিখেছেন—‘খুব অল্প কয়েকজন পরিচালকের বানানো টিভি নাটক দেখে মনে হয়েছিল, এদের তো সিনেমা বানানো উচিত। আপনি তাদের মধ্যে অন্যতম। আপনি সিনেমা বানিয়েছেন। আশা করব, ভবিষ্যতেও আরো সিনেমা বানাবেন। আমরা আপনার সিনেমা দেখব। ও হ্যাঁ, টিজার দেখে মুগ্ধ হয়েছি।’ মুহাম্মদ জাকারিয়া নামে একজন লিখেছেন—‘অবশ্যই ঊনপঞ্চাশ বাতাস (কাঁচের যুগের ছবি নয়) নিয়ে বুক ফুলিয়ে গর্ব করার মতো কিছু আছে।’
আরেকজন লিখেছেন—‘একদম ভিন্ন, অথচ কি সুন্দর। কন্টেন্ট, সিনেমাটোগ্রাফি, ডায়ালোগ কি রেখে কি নিয়ে বলব! সবকিছুই যেন চমৎকার। শুধু পাত্র-পাত্রীর কথা বলার ধরনটা জানি কেমন! সাম্প্রতিক সময়ে এত ভালো কোনো সিনেমার টিজার দেখা হয়নি, আসলেই হয়নি।’
ছোট পর্দার গুণী এই পরিচালকের এটিই প্রথম চলচ্চিত্র। পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা এবং সংগীত পরিচালনাও করেছেন তিনি। শুধু তাই নয়, ফটোগ্রাফি এবং পোস্টার ডিজাইনও তার করা। আগামী ২৮ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান রেড অক্টোবরের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।
দেখুন: টিজার
ঢাকা/শান্ত
রাইজিংবিডি.কম