‘গল্পটি বাস্তবে ঘটা খাঁটি প্রেমের’
‘ইমপসিবল লাভ’ নাটকের দৃশ্য
‘গল্পটি দেখে কেউ ভাববেন এটা হ্যালুসিনেশন, কেউ বলবেন ম্যাজিক রিয়েলিটি আবার বেশিরভাগ মানুষই ধরে নেবেন এটা ভৌতিক গল্প! কিন্তু আমার কাছে এসবের কিছুই মনে হয়নি, গল্পটি বাস্তবে ঘটা খাঁটি প্রেমের। যা না দেখলে অনুভব করা যাবে না।’—কথাগুলো বলেন সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
ঈদুল ফিতর উপলক্ষে ‘ইমপসিবল লাভ’ নামে একটি নাটক নির্মাণ করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। আব্দুল্লাহ মাহফুজ অভি রচিত এ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন নিশো-মেহজাবিন চৌধুরী। এ নাটক প্রসঙ্গে কথাগুলো বলেন নিশো।
নাটকটির গল্পে আফরান নিশো প্রেমিকা মেহজাবিনের ওপর অভিমান করে আত্মহত্যা করে। অথচ এই গল্পের শেষটা হয় দুজনার প্রেমময় সংসার দিয়ে। গল্প প্রসঙ্গে নির্মাতা চন্দ্রদ্বীপ বলেন—‘আমি আসলে ম্যাজিক রিয়েলিটি আর হ্যালুসিনেশনের মাঝের বিষয়টি ধরে কাজটি করেছি। এমন কাজ এখানে আগে কেউ করেছে বলে আমার জানা নেই।’
ঈদুল ফিতরে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এ নাটক।
ঢাকা/শান্ত
রাইজিংবিডি.কম