অর্ধ যুগ পর শিমুল-মৌ
মনির খান শিমুল, সাদিয়া ইসলাম মৌ
‘দীর্ঘ দিন পর আবারো মৌয়ের সঙ্গে অভিনয় করে অনেক ভালো লাগলো। আমরা অনেক মজা করে নাটকটির শুটিং করেছি। আমাদের সম্পর্কটা বরাবরই বন্ধুত্বপূর্ণ। সাত বছর পর একসঙ্গে কাজ করলেও আমাদের যোগাযোগ ছিল।’—কথাগুলো বলেন অভিনেতা মনির খান শিমুল।
ছোট পর্দার জনপ্রিয় মুখ মডেল-অভিনেতা মনির খান শিমুল ও সাদিয়া ইসলাম মৌ। একসময় জুটি বেঁধে অনেক নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন তারা। অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই জুটি। দীর্ঘ দিন পর আবারো নাটকে একসঙ্গে কাজ করলেন তারা। এ বিষয়ে কথাগুলো বলেন শিমুল।
‘অনুভবে অন্তরে’ নামে একটি একক নাটকে দেখা যাবে শিমুল-মৌকে। মুন্না রহমান রচিত এ নাটক পরিচালনা করেছেন হাসান রেজাউল। এ পরিচালক বলেন—‘মৌ আপু এবং শিমুল ভাইয়ের মতো গুণী মানুষদের নিয়ে কাজ করতে পেরে ভীষণ আনন্দিত। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নাটকটির শুটিং শেষ করেছি। ঈদের বিশেষ নাটক হিসেবে এটি প্রচার হবে। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’
এতে আরো অভিনয় করেছেন—তালহা খান, শিশুশিল্পী তাইফ প্রমুখ। মিফতা ভিজুয়ালের ব্যানারে নির্মিত নাটকটি প্রযোজনা করেছেন রুমানা দীপা। ঈদুল ফিতরের ষষ্ঠদিন রাত ৯টায় মাছরাঙা টিভিতে প্রচার হবে নাটকটি।
ঢাকা/শান্ত
রাইজিংবিডি.কম
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী