ঢাকা     শুক্রবার   ১৯ জুন ২০২৬ ||  আষাঢ় ৫ ১৪৩৩ || ৩ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

জুয়া বন্ধে অর্থনীতিতে প্রভাব নিয়ে গবেষণা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ২৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জুয়া বন্ধে অর্থনীতিতে প্রভাব নিয়ে গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক : অনলাইনে জুয়া খেলা বন্ধ করে দিলে অর্থনীতিতে কী ধরণের প্রভাব পড়বে তা নিয়ে গবেষণা শুরু করেছে ফিলিপাইনের অর্থ পাচার প্রতিরোধ সংস্থা। মঙ্গলবার সংস্থাটির চেয়ারম্যান এ তথ্য জানিয়েছেন।

ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকো সেন্ট্রালের গভর্নর ও অ্যান্টি মানিলন্ডারিং কাউন্সিলের প্রধান বেঞ্জামিন দিওকনো সংস্থাটিকে এ নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ‘অনলাইন জুয়া সম্পর্কে ধারণা পেতে’ কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা রক্ষা টিমকেও নির্দেশ দিয়েছেন তিনি।

এক অর্থনৈতিক ফোরামে দিওকনো বলেছেন, ‘তারা (অনলাইন জুয়ার প্রতিষ্ঠান) যদি হঠাৎ করে বন্ধ করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে কী হবে? খাদ্যশিল্প, রেস্তোঁরা ও সম্পদ খাতে এর প্রভাব কী হবে? বিএসপি গভর্নর হিসেবে এটা আমার কাজের অংশ।’

অর্থনীতির জন্য অনলাইন জুয়ার প্রতিষ্ঠানগুলো ফিলিপাইন অফশোর গ্যাম্বলিং অপারেটরস (পোগো) হিসেবে পরিচিত, যা ফিলিপাইনের জন্য রীতিমতো আশীর্বাদ স্বরুপ। জুয়া খেলার জন্য চীন থেকে অনেক পর্যটক আসেন এবং এর ফলে দেশটির সম্পত্তির চাহিদা বাড়ছে ও ভোক্তা পণ্য বিক্রিও বাড়ছে। অবশ্য পোগোতে স্থানীয়দের খেলা নিষিদ্ধ এবং জুয়ার প্রতিষ্ঠানগুলোর দেওয়া লাইসেন্স ফি দেশটির রাজস্ব খাতে আয়ের গুরুত্বপূর্ণ উৎস।

ফিলিপাইনের এই জুয়ার প্রতিষ্ঠানগুলোতে অনেক বেশি অস্বচ্ছতা রয়েছে। সরকারিভাবে দেশটিতে পোগোর সংখ্যা ৬০ বলা হলেও সমালোচকদের মতে এই সংখ্যা অনেক গুণ বেশি।

সম্প্রতি এই অনলাইন জুয়া বন্ধের জন্য ফিলিপাইনের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বেইজিংয়ের দাবি, এর মাধ্যমে সীমান্ত এলাকায় বিদেশি অপরাধীরা অর্থ পাচার করছে এবং অবৈধভাবে শ্রমিক নিয়োগ করছে।


রাইজিংবিডি/ঢাকা/২৭ আগস্ট ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়