ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতিসংঘের শরণার্থী সংস্থার বাইরে আত্মহত্যার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ২৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতিসংঘের শরণার্থী সংস্থার বাইরে আত্মহত্যার চেষ্টা

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বাইরে এক সিরীয় কুর্দি নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। আহত ওই ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে বুধবার পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। জার্মানির বাসিন্দা ৩১ বছরের ওই ব্যক্তি তার এই কর্মকাণ্ডের কারণ ব্যাখ্যা করেননি বলে জানিয়েছেন জেনেভা পুলিশের মুখপাত্র সিলভাইন গুইলাউম-জেনটিল। তাকে উদ্ধার করে হেলিকপ্টারে করে লৌসানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিলভাইন গুইলাউম-জেনটিল বলেন, ‘আমরা তার কারণটি কল্পনা করতে পারি। তবে আমাদের কাছে সুদৃঢ় কোনো তথ্য নেই। সাহায্য পৌঁছানোর পর নিজেকে ব্যক্ত করার মতো পরিস্থিতি তার ছিল না।’

গত ৯ অক্টোবর উত্তর-পূর্ব সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে অভিযানে নামে তুরস্ক। এর বিরুদ্ধে কুর্দিরা বিক্ষোভ করে আসছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়