নওয়াজের শারীরিক অবস্থা সংকটাপন্ন
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শারীরিক অবস্থা সংকটাপন্ন। মঙ্গলবার নওয়াজের ব্যক্তিগত চিকিৎসক এই তথ্য জানিয়েছেন।
এক টুইটে নওয়াজের ব্যক্তিগত চিকিৎসক আদনান খান বলেছেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের অবস্থা জটিল। তিনি স্বাস্থ্য ও জীবনের সঙ্গে লড়াই করছেন।’
তিনি জানান, কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হন শরিফ। এর আগেই তার রক্তের প্লাটিলেট কমতে শুরু করেছিল। এর মধ্যে তার কিডনির কার্যক্ষমতা হ্রাস পেতে শুরু করেছে। এছাড়া রক্তে সুগারের পরিমাণ কমে যাওয়ায় এবং রক্তচাপ বাড়ায় জটিলতা আরো বৃদ্ধি পেয়েছে।
গত বছরের ডিসেম্বরে আল আজিজিয়া দুর্নীতি মামলায় নওয়াজকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। গত মার্চে চিকিৎসাজনিত কারণ দেখিয়ে জামিন আবেদন করলে আদালত তাকে ছয় সপ্তাহের জামিন দেয়। পরে চিকিৎসাজনিত কারণ ও বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করলে তা প্রত্যাখ্যাত হয়। তখন থেকে লাখপাত জেলে সাজা ভোগ করছেন ৬৯ বছরের নওয়াজ। চলতি মাসের প্রথম দিকে রক্তের প্লাটিলেট কমে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি চিকিৎসাগত কারণ দেখিয়ে দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান প্রাক্তন এই প্রধানমন্ত্রী।
ঢাকা/শাহেদ
রাইজিংবিডি.কম