মডেলকে হত্যার নির্দেশ দিয়েছিলেন মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাক মঙ্গোলিয়ার এক মডেলকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। ২০০৬ সালে ওই মডেলকে হত্যার দায়ে অভিযুক্ত এক পুলিশ কর্মকর্তা এ দাবি করেছেন।
হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট আজিলাহ হাদরি ও আরেক পুলিশ কর্মকর্তা নাজিব রাজাকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ২০০৬ সালে ২৮ বছরের আলতানতুয়া শারিবুকে হত্যার অভিযোগে ২০১৫ সালে তাদের মৃত্যুদণ্ড দেয় আদালত। তদন্ত চলাকালে আলতানতুয়াকে চেনেন না বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নাজিব। তবে এই হত্যাকণ্ডের নির্দেশদাতা কে তা জানা যায় নি।
রায়ের বিরুদ্ধে আপিল আবেদনে আজিলাহ জানিয়েছেন, নাজিব ওই সময় দাবি করেছিলেন আলতানতুয়া বিদেশি গুপ্তচর। তাই তাকে ‘গ্রেপ্তার ও শেষ’ করে দেয়ার নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
আজিলাহ বলেন, ‘আমি জানতে চেয়েছিলাম বিদেশি গুপ্তচরকে গ্রেপ্তার ও শেষ করে দেওয়া বলতে তিনি কী বোঝাতে চান। জবাবে নাজিব বলেছিলেন গুলি করে হত্যা করতে’।
আজিলাহর আইনজীবী জে কুলদিপ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি।
ঢাকা/শাহেদ
রাইজিংবিডি.কম