দিল্লির সংঘর্ষে নিহত ২০
ভারতের দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।
রোববার থেকে সিএএ-র সমর্থক ও বিরোধীদের চলা এই বিক্ষোভে দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন।
মঙ্গলবার রাতে জাফরাবাদ, মৌজপুর, চাঁদবাগ, কারওয়াল নগরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাউকে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের দাবি উঠেছিল। তবে প্রশাসন জানিয়েছে, এখনই সেনা ডাকার দরকার নেই।
পরিস্থিতি সামলাতে উত্তর-পূর্ব দিল্লিতে আগামী এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করে পুলিশ। দুদিন বন্ধ থাকবে উত্তর-পূর্ব দিল্লির পাঁচটি মেট্রো স্টেশন। সংঘর্ষের ছবি না দেখানোর পরামর্শ দেওয়া হয় বেসরকারি চ্যানেলগুলোকে।
তবুও পাথর-যুদ্ধ, গুলি, ভিড় জমিয়ে মারধর, অসংখ্য বাড়ি-দোকানে আগুন লাগানো, লুঠতরাজ কিছুই বাকি থাকেনি। উত্তর-পূর্ব দিল্লির আকাশে সারা দিনই দেখা যাচ্ছে কালো ধোঁয়া।
হাসপাতালে আহতদের সংখ্যা বাড়ছে। ফলে বাড়ছে মৃত্যুর আশঙ্কা। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের প্রায় অর্ধেক গুলিবিদ্ধ। সোমবার দিল্লি পুলিশের কনস্টেবল রতন লাল বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এছাড়া, ৫০ জন পুলিশ সদস্য ও চারজন সাংবাদিক আহত হয়েছেন।
সূত্র: আনন্দবাজার,এনডিটিভি
ঢাকা /জেনিস
রাইজিংবিডি.কম
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী